স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল বুধবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তাঁরা আসন্ন সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) সম্মেলন, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীশিক্ষার কাজ যেভাবে এগিয়ে চলছে, তাতে শিগগিরই বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম হবে।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক। ব্রিটেনে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। সেখানে তাঁরা ব্রিটেনের সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। ব্রিটিশ আইনসভায় ও জাতীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।