স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা। ভারতীয় হাইকমিশনার আজ সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে দেখা করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ বিভিন্ন সামাজিক সূচকে উন্নতি সাধন করেছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

ভারতকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক গভীর ও বন্ধুত্বপূর্ণ। ইতিমধ্যে দুই দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিস্তার পানি বন্টনসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে। বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। এতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।