স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে সমপ্রসারিত হচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে এই সম্পর্ক আরও সমপ্রসারণের সুযোগ আছে। স্পিকার চিকিৎসার জন্য ভারতে গমনকারী অসুস্থ মানুষের ভিসা পাওয়া সহজ করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদানের জন্য বন্ধুদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার প্রশংসা করে পঙ্কজ শরণ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভারত সম্ভাব্য সব সহযোগিতা দিতে আগ্রহী।