স্পিকারের সঙ্গে মজীনা ও পঙ্কজেরসাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুপুরে স্পিকার জাতীয় সংসদ ভবনের নিজ কক্ষে দুই রাষ্ট্রদূতকে সাক্ষাৎ দেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে ড্যান মজীনা বলেন, সরকারি ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে। সহিংসতা রাজনৈতিক সমস্যার কোনো সমাধান দিতে পারে না এবং এটা কারও জন্য সুখকর নয়। তাই সংলাপের মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত।
মজীনাকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে সংসদ হচ্ছে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আলোচনার মাধ্যমে যেকোনো মতপার্থক্য দূর করার জন্য সংসদই উপযুক্ত স্থান।’
মজীনার আগে দুপুর ১২টায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে স্পিকার ১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন এবং বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।