স্পিডবোট চালাতে প্রস্তুত চরকাজলের খাদিজা
খাদিজা বেগমের স্বামী ওমানে চার বছর আগে স্পিডবোটে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। দুই সন্তানকে নিয়ে বিপদে পড়ে যান খাদিজা। তবে স্পিডবোট দুর্ঘটনায় স্বামীর মৃত্যু তাঁকে দমাতে পারেনি। স্পিডবোট চালনা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন খাদিজা। প্রশিক্ষণ নিয়ে এখন তিনি নৌপথে স্পিডবোট চালানোর অপেক্ষায় আছেন।
খাদিজার (২৭) বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে। শুধু খাদিজাই নন, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের আরও সাত নারী ইতিমধ্যে স্পিডবোট চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) নারীদের স্পিডবোট চালানোর প্রশিক্ষণ দেয়। স্যাপ বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী মো. ফরিদ উদ্দিন বলেন, ইতিমধ্যে ওই আট নারীসহ ২০ জনকে স্পিডবোট চালানোর তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্যাপ বাংলাদেশের প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে এ কর্মসূচি জোরালো ভূমিকা রাখবে।
গতকাল মঙ্গলবার চরবিশ্বাস লঞ্চঘাটে আনুষ্ঠানিকভাবে এই নারী স্পিডবোটচালকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় ইউএনও আবদুল্লাহ আল বাকি বলেন, ‘আমরা আশা করি, যে নারীরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা এটিকে পেশা হিসেবে নেবেন।’ অনুষ্ঠানের সভাপতি ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।
চরাঞ্চলের শিশুশিক্ষার অগ্রপথিককে সম্মাননা: আন্তর্জাতিক নারী দিবসে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিরন্তর সংগ্রামের অগ্রপথিক মধ্য চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালেহা বেগমকে সম্মাননা দিয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ। গতকাল বেলা ১১টায় মধ্য চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সালেহা বেগমকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মিত বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফারাহ্ কবির বলেন, ‘আমরা ওই ভবনের উদ্যোগ নেওয়ার অনেক আগে থেকেই তিনি (সালেহা) এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছিলেন। সালেহা বেগম ৩০ বছর ধরে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করছেন। ১৯৮৬ সালে সালেহা বেগমের নেতৃত্বে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার কাজ শুরু করেন এলাকার ১৫ জন নারী ও তিনজন পুরুষ। অবশেষে ১৯৯০ সালে তাঁরা সফল হলেন। প্রতিষ্ঠিত হলো এ বিদ্যালয়টি।’
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় অ্যাকশনএইড বাংলাদেশ ৫৬ লাখ টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণের কাজ বাস্তবায়ন করে।