স্পিডবোট চালকদের হাতে উপসচিবসহ তিনজন লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটে স্পিডবোটের চালকদের হামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) নমিতা হাওলাদারসহ তিনজন লাঞ্ছিত হয়েছেন। এ ব্যাপারে গত শুক্রবার রাতে নমিতা হালদার শিবচর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সাধারণ ডায়েরি করেছে।শিবচর থানা সূত্র জানায়, নমিতা হাওলাদার শুক্রবার সকালে তাঁর পরিবারের ছয়জনকে নিয়ে মাওয়া থেকে স্পিডবোটে করে পদ্মা নদী পার হয়ে কাওড়াকান্দি ঘাটে পৌঁছান। ঘাটে একটি লাগেজের জন্য অতিরিক্ত ভাড়া দাবি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্পিডবোটের চালক রাজন ও এরশাদ এবং তাঁদের সহযোগীরা নমিতার ভাই জোসেভ হাওলাদার ও ফ্রান্সেস হাওলাদারকে মারধর এবং বোন মার্গারেট মণ্ডলকে লাঞ্ছিত করেন।নমিতা হাওলাদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্পিডবোটের চালকেরা একত্র হয়ে আমার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করেছেন। চালকদের কাছ থেকে রক্ষা পেতে উপায়ান্তর না পেয়ে আমি আমার নিজের পরিচয় দিই। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তাই এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’শিবচর থানার পরিদর্শক মো. আবদুর রাজ্জাক জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘স্পিডবোটটি আটক করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।’