স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, মামলা
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটের কাঁঠালবাড়ি চেয়ারম্যান ঘাট এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন অহত হয়েছে।কাওড়াকান্দি ঘাট, হাইওয়ে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদবরেরচর ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের বাচ্চু ফকির (৩০) ট্রলারে করে পদ্মায় মাছ ধরতে যান। রাতের অন্ধকারে মনির হোসেনের একটি স্পিডবোট কাঁঠালবাড়ি চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকায় পৌঁছালে বাচ্চুর মাছ ধরার ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাচ্চু ফকির ঘটনাস্থলেই নিহত ও চালকসহ ১৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই সাহিন শুক্রবার শিবচর থানায় স্পিডবোটের মালিকসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কাওড়াকান্দি ঘাটের স্পিডবোটের একজন চালক বলেন, তাঁরা রাতে বোট চালাতে না চাইলে চাকরি চলে যায়। মালিকেরা দ্বিগুণ টাকার লোভে জীবনের ঝুঁকি নিয়ে রাতের বেলায় স্পিডবোট চালাতে বাধ্য করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, নিয়মনীতি লঙ্ঘন করে রাতের বেলায় যারা স্পিডবোট চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।