স্পিডবোট ডুবে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ার তিন দিন পর স্পিডবোটের যাত্রী বিএনপির নেতা ইকবাল সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা একটার দিকে জাজিরা উপজেলার শিমুলিয়া ১ নম্বর ফেরি ঘাটের কাছ থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে ঝড়ের কবলে পড়ে শিমুলিয়া-মঙ্গল মাঝি ঘাট নৌপথের দুটি স্পিডবোট ডুবে যায়।
ঘটনার দিনই একটি স্পিডবোটের যাত্রী লাবিব (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন ইকবাল সিকদার (৪৮)। বাকি যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন।
বোটে থাকা অন্য যাত্রীরা জানান, গত বুধবার বেলা তিনটার দিকে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট দুটি মঙ্গল মাঝি ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পদ্মায় লৌহজং চ্যানেলে ডুবে যায়। মারা যাওয়া লাবিব ও ইকবাল সিকদার একই স্পিডবোটের যাত্রী ছিলেন।

জানা গেছে, ইকবাল সিকদার জাজিরা উপজেলার খোসাল সিকদারকান্দি গ্রামের আলী আকবর সিকদারের ছেলে। তিনি জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আজ বেলা একটার দিকে শিমুলিয়া ঘাটের কাছে ইকবাল সিকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা দুইটার দিকে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইকবাল সিকদারের ভগ্নিপতি সেলিম মাতবর বলেন, ‘ইকবাল ঢাকায় বসবাস করতেন। ফুফুর জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি আসছিলেন। বিধাতার কি নির্মম পরিহাস! এখন আমাদের তাঁর জানাজা পড়তে হচ্ছে।’ তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় জাজিরা পৌর কবরস্থানে ইকবালকে দাফন করা হবে।

এদিকে শিশু লাবিবকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লাবিব ভেদরগঞ্জ উপজেলার পুটিজুরি গ্রামের ইতালিপ্রবাসী হারুন হাওলাদারের ছেলে। সে ঢাকার মণিপুরী পাড়া উচ্চবিদ্যালয়ের ইংলিশ মাধ্যমের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিশু লাবিবের সঙ্গে ওই স্পিডবোটে ছিলেন তার মা ডালিয়া বেগম। সন্তান হারিয়ে আহাজারি করছিলেন তিনি। গতকাল প্রথম আলোকে বলেন, ‘স্পিডবোট ঘাট থেকে ছাড়ার আগে চালকের কাছে লাইফ জ্যাকেট চেয়েছিলাম। তারা লাইফ জ্যাকেট দেয়নি। স্পিডবোট উল্টে গেলে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে। কখন যে হাত থেকে ছুটে গেছে আমি টেরই পাইনি। চোখের সামনে আমার বুকের মানিক মারা গেল, আমি কিছুই করতে পারলাম না।’
তিনি অভিযোগ করেন, ১৮ যাত্রী নেওয়ার ধারণ ক্ষমতা থাকলেও স্পিডবোটটিতে যাত্রী তোলা হয়েছিল ২৪ জন।