স্পিডবোট না থাকলেও আছেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মিরকাদিমের কমলাঘাট নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কোনো স্পিডবোট নেই। কিন্তু স্পিডবোটের জন্য আছেন চালক ও ইঞ্জিন মাস্টার। দীর্ঘদিন ধরে ফায়ার স্টেশনটি অকার্যকর অবস্থায় থাকলেও কর্মীদের বেতনসহ বিভিন্ন খাতে প্রতি মাসে খরচ হচ্ছে অনেক টাকা।এদিকে দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকা ফায়ার স্টেশনটি আবার চালু করার দাবি জানিয়েছে এলাকাবাসী।সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন আগে এক একর জায়গার ওপর এই নদী ফায়ার স্টেশনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু চর পড়ার কারণে নদীর সঙ্গে ফায়ার স্টেশনের অনেক দূরত্বের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আশপাশের খালগুলোও ভরাট হয়ে গেছে। এ কারণে ফায়ার স্টেশন থেকে স্পিডবোট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।ফায়ার স্টেশনের ফায়ারম্যান (অগ্নিনির্বাপণ-কর্মী) মো. সেলিম বলেন, তিনি প্রায় ১৩ বছর ধরে এখানে কর্মরত। তিনি এখানে এসে কোনো স্পিডবোট দেখতে পাননি। তিনি শুনেছেন, প্রায় ২৫ বছরের মতো এখানে কোনো স্পিডবোড নেই। নদী শুকিয়ে যাওয়ায় স্পিডবোট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে।সূত্র জানায়, ফায়ার স্টেশনটি এখন অগ্নিনির্বাপণের কোনো কাজে না এলেও এই স্টেশনের পেছনে প্রতি মাসে অনেক টাকা খরচ হচ্ছে। স্টেশনের কর্মীদের বেতন ছাড়াও বিদ্যুৎ ও টেলিফোন বিল, পৌরকর, পাম্পের তেলের খরচসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের টাকা খরচ হয়।ফায়ার স্টেশন সূত্র জানায়, বর্তমানে এই স্টেশনের কর্মীর সংখ্যা ১১ জন। এই ১১ জনের মধ্যে পাঁচজন প্রেষণে বিভিন্ন স্থানে কর্মরত।এই ফায়ার স্টেশনে স্পিডবোট না থাকলেও এখানে স্পিডবোটের চালক হিসেবে এনামুল হক ও ইঞ্জিন মাস্টার হিসেবে মো. নজরুল ইসলাম কর্মরত আছেন।ফায়ারম্যান মো. আওয়াল হোসেন বলেন, স্টেশনের একটি পাম্পের জন্য প্রতিদিন আট লিটার তেল দেওয়া হয়। ওই তেল দিয়ে প্রতিদিন অফিসের মধ্যেই পাম্প ১০ মিনিট করে চালু রাখা হয়। শুক্রবারে চালু রাখা হয় ১৫ মিনিট। ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা লিডার মো. আমিনুল হক বলেন, ‘বসে আছি এটাই ডিউটি। কাজ না করে বসে থাকা আরও বড় যন্ত্রণার।’এদিকে দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় থাকা ফায়ার স্টেশনটি সচল করার দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা স্টেশনে অগ্নিনির্বাপণ গাড়ি দেওয়ার দাবি জানিয়েছে। এলাকাবাসী জানায়, মিরকাদিম থেকে কাছের ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় চার-পাঁচ কিলোমিটার। তাই এখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম ফায়ার স্টেশনটি সচল করার জন্য গত ১২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে আবেদন করেন। আবেদনে ফায়ার স্টেশনটির জন্য একটি অগ্নিনির্বাপণ গাড়ি বরাদ্দ দেওয়াসহ এটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার অনুরোধ জানানো হয়।মেয়র শহিদুল ইসলাম বলেন, ফায়ার স্টেশনটি আবারও সচল করা মিরকাদিমবাসীর জন্য খুবই জরুরি।কমলাঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, কমলাঘাটে আড়ত, খাদ্যগুদাম, ব্যাংক-বিমাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই এ ফায়ার স্টেশনটি আবার সচল করা জরুরি। তিনি এ ফায়ার স্টেশনের জন্য একটি অগ্নিনির্বাপণ গাড়ি দেওয়ার দাবি জানান।