স্পিডবোটডুবিতে নিখোঁজ বিএনপির নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে শিমুলিয়া-মঙ্গলমাঝি ঘাট নৌপথে চলাচলকারী দুটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় একটি স্পিডবোটের নিখোঁজ যাত্রী জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল সিকদারের (৪৮) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ছাড়া একই স্পিডবোটে থাকা লাবিব (৮) নামের এক শিশুর লাশ বুধবারই উদ্ধার করা হয়। বুধবার বেলা তিনটার দিকে শিমুলিয়া ঘাট থেকে ওই স্পিডবোটটি মঙ্গলমাঝি ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পদ্মা নদীর লৌহজং চ্যানেলে ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতারে উঠতে পারলেও ওই দুজনের মৃত্যু হয়।
ইকবাল সিকদার জাজিরা উপজেলার খোসাল সিকদার কান্দি গ্রামের আলী আকবর সিকদারের ছেলে। আর লাবিব ভেদরগঞ্জ উপজেলার পুটিজুরি গ্রামের ইতালিপ্রবাসী হারুণ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
লাবিবের সঙ্গে ওই স্পিডবোটে ছিলেন তার মা ডালিয়া বেগম। তিনি গত বৃহস্পতিবার বলেন, ‘স্পিডবোট ছাড়ার আগে চালকের কাছে লাইফ জ্যাকেট চেয়েছিলাম। তাঁরা লাইফ জ্যাকেট দেননি। ১৮ জন যাত্রী ধারণ ক্ষমতার স্পিডবোট হলেও যাত্রী তোলা হয়েছিল ২৪ জন। স্পিডবোট উল্টে গেলে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে। কখন যে হাত থেকে ছুটে গেছে আমি টেরই পাইনি। চোখের সামনে আমার বুকের মানিক মারা গেল, আমি কিছুই করতে পারলাম না।’
ইকবাল সিকদারের ভগ্নিপতি সেলিম মাতবর বলেন, ইকবাল ঢাকায় বসবাস করতেন। ফুফুর জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি আসছিলেন। জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, গতকাল বেলা একটার দিকে শিমুলিয়া ঘাটের কাছ থেকে ইকবাল সিকদারের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।