স্পিডব্রেকার নেই স্পিকার ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক মিয়া এভিনিউতে স্পিডব্রেকার পুনঃ স্থাপনে বিলম্ব হওয়ায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার আবদুল হামিদ। গতকাল সোমবার সংসদে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্পিকার বলেন, ‘স্পিডব্রেকার না থাকায় ন্যাম ভবন থেকে সংসদে যাতায়াত করার সময় বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয়। সড়ক উন্নয়ন কাজ করার সময় স্পিডব্রেকার তুলে দেওয়া হয়। সংসদ অধিবেশন শুরু হওয়ার চার দিন আগে এ বিষয়ে ডিসিসির দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের কথা বলা হয়েছে। এ ব্যাপারে আমি ডিসিসির প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। অথচ আজও এর প্রতিকার হয়নি।’ এ বিষয়ে স্পিকার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এখানে সাংসদেরা দুর্ঘটনায় পড়তে পারেন। আমি এখানে বিলম্বের কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’