স্পিরিট পানে দুজনের মৃত্যু, অসুস্থ ৪
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রেক্টিফাইড স্পিরিট পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও চারজন অসুস্থ হয়ে পড়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, তালোড়া বাজারের শম্ভু পাশি (৫০) ও শাবলা গ্রামের জামাল উদ্দিন (২৬)। অসুস্থ ব্যক্তিরা হলেন— তালোড়া বাজারের কৃষ্ণা বাশফোঁড় (৪০), লক্ষ্মণ রবিদাস (৬০), জয়রাম রবিদাস (৪৫) ও নয়াপাড়ার বংশী রবিদাস (৫০)। স্থানীয় একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে তাঁরা রেক্টিফাইড স্পিরিট কিনে পান করেছেন বলে তাঁদের পরিবারের লোকজন অভিযোগ করে।স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার দশমীর রাতে ১৭ অক্টোবর রোববার তালোড়া বাজারের শম্ভু পাশি, কৃষ্ণা বাশফোঁড়, লক্ষ্মণ রবিদাস, জয়রাম রবিদাস, বংশী রবিদাস এবং সাবলা গ্রামের জামাল উদ্দিনসহ বেশ কয়েকজন ওষুধের দোকান থেকে রেক্টিফাইড স্পিরিট কিনে তা পান করেন। এর পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে শম্ভু পাশি ১৯ অক্টোবর সকালে বাড়িতে মারা যান। বংশী রবিদাস ও লক্ষ্মণ রবিদাসের পরিবারের সদস্যরা তাঁদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাঁরা চিকিৎসাধীন অবস্থায় পরের দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। এদিকে জামাল উদ্দিনের অবস্থার অবনতি ঘটলে তাঁকে গত বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই জামাল উদ্দিন মারা যান। এ ঘটনার পরপরই স্থানীয় ওই হোমিওপ্যাথিক ওষুধের দোকানদার দোকানে তালা দিয়ে সটকে পড়েন।শম্ভু পাশির স্ত্রী গৌরী পাশি জানান, তাঁর স্বামী মাঝেমধ্যেই নেশা করতেন। ওই দিন রাতে সামান্য নেশা করলেও পরে সুস্থ হন। কিন্তু পরের দিন তিনি মারা যান। জামাল উদ্দিনের বোন আফরোজা বেগম জানান, তাঁর ভাই জামাল হূদরোগে আক্রান্ত হয়ে শজিমেকে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজাল হোসেন জানান, ১৯ অক্টোবর রাতে তালোড়ার দুই ব্যক্তি নেশাদ্রব্য পান করে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু তাঁরা হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই চলে গেছেন।