স্পিরিটের গ্যালন আগুনে পড়ে শিশুসহ অগ্নিদগ্ধ ৫
কাঠ বার্নিশের জন্য আগুনের তাপে রং গলানোর সময় স্পিরিটের গ্যালন আগুনে পড়ে গেলে চার শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায়। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলো মিজমিজি এলাকার মো. নিজামের ছেলে মিরাজ (৪), নিয়াজ (৭), একই এলাকার আবদুর রহমানের মেয়ে খাদিজা (৭) ও জীমা (৪) এবং রংমিস্ত্রির সহকারী মিলন (২৮)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব পাইনাদী এলাকায় জনৈক আবু সাঈদের বাড়ির কাঠের দরজা বার্নিশ করার জন্য গাড়ি রাখার গ্যারেজে রংমিস্ত্রি জসিমউদ্দিন আগুনের তাপে রং গলানোর কাজ করছিলেন। এ সময় পাশে খেলাধুলা করার সময় এক শিশুর পায়ের ধাক্কায় স্পিরিটের গ্যালন আগুনে পড়ে গেলে গ্যালনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শিশু মিরাজ, নিয়াজ, খাদিজা ও জীমা এবং রংমিিস্ত্রর সহকারী মিলন অগ্নিদগ্ধ হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিশু নিয়াজ ও মিরাজ ওই বাড়ির ভাড়াটে মো. নিজামের ছেলে। জীমা ও খাদিজা একই বাড়ির ভাড়াটে ও কেয়ারটেকার আবদুর রহমানের শিশুকন্যা। আহত রংমিস্ত্রির সহযোগী মিলন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার আমরাগাথিয়া গ্রামের দুদু হাসানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।