স্পেকট্রাম ধসে দায়ীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেকট্রাম গার্মেন্টস ধসে দোষীদের বিচার এবং হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দাবি করেছে প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

২০০৫ সালের ১১ এপ্রিল সাভারে স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে পড়ে। ওই ভবন ধস দেশ-বিদেশে আলোড়ন তুলেছিল। সেই দুর্ঘটনার ১১ বছর পূর্তিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, স্পেকট্রাম ধসে ৬৪ জন শ্রমিক নিহত, ৮৪ জন আহত ও দুজন নিখোঁজ হন।

মানববন্ধনে অতিথি হিসেবে যোগ দেওয়া বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক চাপ থাকলেও তৈরি পোশাক কারখানার মালিকেরা বিল্ডিং কোড মেনে কারখানা নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে এখনো ৩১ ভাগ কারখানায় আগুন ও ভবন ধসের ঝুঁকি রয়ে গেছে।

প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার বলেন, স্পেকট্রাম পোশাক কারখানা ধসের ১১ বছর হয়ে গেছে, কিন্তু ৬৪ জন শ্রমিক হত্যার কোনো বিচার হয়নি। তিনি ওই ‘হত্যাকাণ্ডের’ বিচার দাবি করেন। তিনি বলেন, বিচারহীনতার এই সংস্কৃতি দূর করতে হবে। সব কারখানাকে নিরাপদ কর্মক্ষেত্রে পরিণত করতে হবে।

প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের সভাপতি রাজিয়া বেগমে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।