স্পেকট্রাম ধসে দায়ীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেকট্রাম গার্মেন্টস ধসে দোষীদের বিচার এবং হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দাবি করেছে প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

২০০৫ সালের ১১ এপ্রিল সাভারে স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে পড়ে। সেই দুর্ঘটনার ১১ বছর পূর্তিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, স্পেকট্রাম ধসে ৬৪ জন শ্রমিক নিহত, ৮৪ জন আহত ও দুজন নিখোঁজ হন।

মানববন্ধনে অতিথি হিসেবে যোগ দেওয়া বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক চাপ থাকলেও তৈরি পোশাক কারখানার মালিকেরা বিল্ডিং কোড মেনে কারখানা নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন না।

প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার বলেন, স্পেকট্রাম পোশাক কারখানা ধসের ১১ বছর হয়ে গেছে, কিন্তু ৬৪ জন শ্রমিক হত্যার কোনো বিচার হয়নি।