স্পেকট্রাম ধসের পর নেওয়া পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ
আট বছর আগে সাভারের স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির আটতলা ভবন ধসের ঘটনায় নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিত জানিয়ে স্পেকট্রাম কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই পরবর্তী দিন ধার্য করে করেছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
২০০৫ সালে ১১ এপ্রিল সাভারে স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি ভবন ধসে পড়ে। তখন ৬২ জন শ্রমিক নিহত ও অনেকে আহত হন। ওই ঘটনায় হাইকোর্টে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) বিভিন্ন সংগঠন রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ওই বছরের ২৪ মে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।
রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও ইকবাল কবির। স্পেকট্রামের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত ক্ষতিপূরণসহ কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানিয়ে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।