স্পেনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং জাহাজ তৈরি খাতে স্পেনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ক্যাকন গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বিদায়ী রাষ্ট্রদূতের চার বছরের কার্যকালে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য লুইস তেজাদার প্রশংসা করে রাষ্ট্রদূতের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, ‘আমি আমার কার্যকালে বাংলাদেশে সুন্দর সময় অতিবাহিত করেছি।’ শেখ হাসিনাকে স্পেনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অবহিত করেন রাষ্ট্রদূত। এ ছাড়া তিনি বলেন, তাঁর দেশের কোম্পানিগুলো বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানিসহ অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী।
বাংলাদেশের সাফল্যের প্রশংসা: ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাঁর দেশ অনেক বিষয়ে বাংলাদেশকে অনুসরণ করতে পারে। হাইকমিশনার গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামিম চৌধুরী বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে হাইকমিশনার সুজা আলম পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে জানান। শেখ হাসিনা পাকিস্তানের হাইকমিশনারের মাধ্যমে নওয়াজ শরিফকেও তাঁর শুভেচ্ছা জানান।
বাসের চাবি হস্তান্তর: প্রধানমন্ত্রী গতকাল চারটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে বাসের চাবি হস্তান্তর করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, শহীদ শেখ আবু নাসের স্পেশালাইজড হাসপাতাল, খুলনা এবং মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা। প্রধানমন্ত্রী সকালে তাঁর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাসের চাবিগুলো হস্তান্তর করেন।