স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে চুক্তি অনুস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্পেন্ট ফুয়েল (ব্যবহৃত জ্বালানি) ব্যবস্থাপনা-সংক্রান্ত খসড়া চুক্তি অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ ও রাশিয়া। গত বুধবার (১৫ মার্চ) ঢাকায় এই খসড়াটি অনুস্বাক্ষর করা হয়। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে চূড়ান্ত চুক্তি সই করতে উভয় পক্ষ সম্মত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাতোমের ঢাকার জনসংযোগ প্রতিষ্ঠান গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার পর উভয় পক্ষ ঐকমত্যের ভিত্তিতে খসড়া চুক্তিটি অনুস্বাক্ষর করে।
এ বিষয়ে সরকার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কিংবা রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ গণমাধ্যমকে কিছুই জানায়নি। তবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রতিটি পর্যায়ের কার্যক্রম ও সিদ্ধান্ত সম্পর্কে দেশবাসীকে জানানোর বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) স্পষ্ট নির্দেশনা রয়েছে।
২০১০ সালে প্রকল্পের কার্যক্রম শুরুর পর্যায়ে বলা হয়েছিল, তথ্যকেন্দ্র স্থাপন করে গণমাধ্যম ও জনগণকে সব তথ্য জানানো হবে। তবে এখন পর্যন্ত তেমন কিছু করা হয়নি। এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওয়েবসাইটেও এই প্রকল্প সম্পর্কে কিছু নেই। বঙ্গবন্ধু নভোথিয়েটারে যে ভিডিও চিত্র দেখানো হয়, তাতেও রূপপুর সম্পর্কে কিছু নেই।
রোসাতোমের জনসংযোগ প্রতিষ্ঠান গতকাল চুক্তিটি অনুস্বাক্ষরের খবর জানানোর পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের কাছে জানতে চাওয়া হয়, অনুস্বাক্ষরিত খসড়া চুক্তি অনুযায়ী অতি উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য রাশিয়া ফেরত নেবে কি না। এর জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, বাংলাদেশের সব সময়ের প্রত্যাশা হলো রাশিয়া বর্জ্য ফেরত নেবে। দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সেই প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। আর শেষ পর্যন্ত উভয় পক্ষ ঐকমত্যের ভিত্তিতে চুক্তির খসড়ায় অনুস্বাক্ষর করেছে। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করে সূত্রটি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রোসাতোমের অন্য একটি সূত্র প্রথম আলোকে জানায়, উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য ফেরত নেওয়ার বিষয়ে রুশ সরকারের শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে নিশ্চিত করা হয়েছে। তেজস্ক্রিয় বর্জ্য ফেরত নেওয়া স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনারই একটি অংশ। এ বিষয়ে চূড়ান্ত চুক্তি সই হলে হয়তো বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হবে।
খসড়া চুক্তিটি অনুস্বাক্ষরের আগে দ্বিপক্ষীয় আলোচনায় রোসাতোমের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাই স্পাস্কি, রাশিয়ার পরিবেশ, শিল্প ও পারমাণবিক তদারকি সেবাসংক্রান্ত ফেডারেল সংস্থা রসটেকনাদজরের উপপ্রধান আলেক্সি ফেরাপনটভ ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতভ অংশ নেন। বাংলাদেশের পক্ষে কারা অংশ নিয়েছেন তা জানা যায়নি। তবে রোসাতোমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান নঈম চৌধুরী, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মো. মনজুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় সভায় প্রকল্পের প্রস্তুতি পর্বের বিভিন্ন কাজ সম্পন্ন করার সময়সূচি এবং মূল পর্বের কাজ শুরুর বিষয়েও আলোচনা হয়। সভায় দুই দেশের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজের মধ্যে সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।