স্পেলিং বি প্রতিযোগিতা কাল শুরু
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি শব্দের বানান প্রতিযোগিতা নিয়ে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘দ্য ডেইলি স্টার স্পেলিং বি ২০১৪’। প্রতিযোগিতায় অংশ নেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি প্রতি বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচার করবে চ্যানেল আই।
গতকাল সোমবার বিকেলে ডেইলি স্টার-এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকম। সম্মেলনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল পর্যায় থেকে ৯৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ওই নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে টেলিভিশনপর্ব প্রতিযোগিতা। এ পর্বে বিজয়ী পাঁচ লাখ টাকার শিক্ষাবৃত্তিসহ একজন অভিভাবক নিয়ে ওয়াশিংটন ভ্রমণের সুযোগ পাবে। এ ছাড়া দ্বিতীয় বিজয়ী পাবে তিন লাখ ও তৃতীয়জন পাবে দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি।
বক্তারা বলেন, এবার বড়রাও অংশ নিতে পারবে। এ জন্য অ্যান্ড্রয়েড মুঠোফোনের ‘স্পেল চ্যাম্পস’ সফটওয়্যার ডাউনলোড করে অনলাইনে দিনে ২০টি শব্দের সঠিক বানান করতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন একটি ট্যাব।