স্প্যানিশ ভাষায় অধ্যাপক আবদুল্লাহর দুটি চিকিৎসাবিষয়ক বই
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম আবদুল্লাহর চিকিৎসাবিষয়ক দুটি বই স্প্যানিশ ভাষায় অনুবাদ করা হচ্ছে। ভারতের বিখ্যাত মেডিকেল প্রকাশনা সংস্থা জয়পি ব্রাদার্স এ বছরের শুরুর দিকে বই দুটির একটি সংস্করণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ইংরেজি ভাষায় প্রকাশ করেছিল। চাহিদা থাকায় এখন ইউরোপ ও লাতিন আমেরিকার জন্য তারা বই দুটি স্প্যানিশ ভাষায় অনুবাদ করছে।চিকিৎসাবিজ্ঞানের ছাত্র, শিক্ষক ও চিকিৎসকদের জন্য অধ্যাপক আবদুল্লাহর লেখা বই দুটির নাম কেস হিস্ট্রি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন ইন মেডিকেল প্র্যাকটিস এবং ইসিজি ইন মেডিকেল প্র্যাকটিস। এর আগেও বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসিভিয়ার অধ্যাপক আবদুল্লাহর লেখা শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন এবং রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস নামের দুটি বই প্রকাশ করে বিশ্বজুড়ে বাজারজাত করে। গত মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশনা সংস্থা জয়পি ব্রাদার্সের প্রধান ঢাকার চিকিৎসকদের এক সমাবেশে বলেছেন, সর্বশেষ দুটি বই ইউরোপ ও লাতিন আমেরিকার সংশ্লিষ্ট পাঠকদের জন্য স্প্যানিশ ভাষায় অনুবাদ করছেন।কেস হিস্ট্রি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন ইন মেডিকেল প্র্যাকটিস বইটিতে ৩২৮টি কেস স্টাডি আছে। তাতে রোগের উপসর্গের বর্ণনা আছে, এসব রোগের ক্লিনিক্যাল উপাত্ত রয়েছে। এ ছাড়া বইটিতে ১০০ ছবি আছে। একটি রোগ হলে শরীরের নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গের কী পরিবর্তন হয়, তা ছবি দেখে বোঝা যায়।অধ্যাপক এ বি এম আবদুল্লাহ ছবি দেখিয়ে এই প্রতিবেদককে বলেন, ‘আমার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের ছবি বিভিন্ন সময়ে তুলে রেখেছিলাম। সেসব ছবিই বইয়ে ব্যবহার করেছি।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ দীর্ঘদিন ধরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসাশিক্ষার সঙ্গে জড়িত। তাঁর ২৫টি গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তিনি সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়েও বিভিন্ন সংবাদপত্রে লেখেন।অধ্যাপক আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বই দুটি ছাত্র ও শিক্ষকদের জন্য লেখা। এ ছাড়া যেসব ব্যস্ত চিকিৎসক বড় বড় বই পড়ার সময় বের করতে পারেন না, তাঁরা এসব বইয়ে চোখ বুলিয়ে নিলে বিশেষভাবে উপকৃত হবেন।ইসিজি ইন মেডিকেল প্র্যাকটিস বইটি মূলত ইসিজির মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার বর্ণনা করা হয়েছে। বইটিতে ১৫০টি ইসিজি রিপোর্ট ব্যবহার করা হয়েছে। এতে বিভিন্ন রোগের সহজ বর্ণনা দেওয়া আছে, পাশাপাশি চিকিৎসার পন্থাও বলে দেওয়া আছে।ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া—প্রায় সব মহাদেশে নিজের লেখা বই বিক্রি হচ্ছে বলে অধ্যাপক আবদুল্লাহ বেজায় খুশি। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিক্রির চেয়ে বড় কথা, আমাদের লেখা তারা পড়ছে।’