স্প্যানিশ ভাষায় আনিসুল হকের 'মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ ভাষায় আনিসুল হকের ‘মা’
স্প্যানিশ ভাষায় আনিসুল হকের ‘মা’

বাংলাদেশের এক শহীদজননীর সংগ্রামের গল্প এখন থেকে পাঠ করতে পারবেন স্প্যানিশভাষী পাঠকেরাও। ২১ মে শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসবে প্রকাশিত হলো ‌‘লা মাদ্রে’। আনিসুল হকের লেখা ‘মা’ উপন্যাসের স্প‌্যানিশ অনুবাদ করেছেন এ এইচ এস মোহাম্মদ। এটি সময় প্রকাশন একযোগে ঢাকা, নিউইয়র্ক ও পেরুর রাজধানী থেকে প্রকাশ করছে। নিউইয়র্কের বইমেলায় সময় প্রকাশনের স্টলে ‌‘লা মাদ্রে’র মোড়ক উন্মোচন করেন কথাসাহিত‌্যিক সেলিনা হোসেন, কলাম্বিয়ান-আমেরিকান শান্তি সংগঠক ক্লডিয়া সেপুলভেদা ও শান্তিশ্রী মেগগ্রাথ। এ সময় আনিসুল হক ও প্রকাশক ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে মূল মঞ্চে বাংলা ‘মা’ উপন্যাসের ইংরেজি, উড়িয়া, সুইডিশ ও স্প্যানিশ ভাষায় অনূদিত হওয়ার পেছনের গল্প বলেন লেখক আনিসুল হক। উত্তর আমেরিকার বাঙালি কবি লেখকেরাসহ মঞ্চে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার ও সেলিনা হোসেন। অন্য লেখকেরাও তাঁদের গ্রন্থ প্রকাশের অনুভূতির কথা বলেন। এই পর্ব সঞ্চালনা করেন আদনান সৈয়দ।

তিন দিনব্যাপী এ উৎসব শেষ হবে রোববার। এতে শহীদ কাদরী, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ফেরদৌস আরা, কমলিনী মুখোপাধ্যায়, আমীরুল ইসলাম, ইকবাল হাসান, লুৎফর রহমান রিটন, গুলতেকিন খান, সৈয়দ আল ফারুক, মোহিত কামালসহ ঢাকা ও কলকাতার অনেক লেখক-প্রকাশক অংশ নিচ্ছেন। হাসান ফেরদৌস এবারের বইমেলার আহ্বায়ক।
স্প্যানিশ ‘মা’ পেরুতে পরিবেশন করবে নামকরা প্রতিষ্ঠান এডিটোরিয়াল মানোয়ালজাদা।