কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সভাপতি শাহ আহমদ শফী বলেছেন, কওমি মাদ্রাসার স্বকীয় আদর্শ ও স্বাধীন শিক্ষাক্রম বিন্দুমাত্র নষ্ট হবে না এবং মাদ্রাসা পরিচালনায় সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে না—এমন নিশ্চয়তা পেলেই তিনি দাওরায়ে হাদিসের সনদের মান নির্ধারণে সরকারের সঙ্গে আলোচনায় যাবেন।
গতকাল সোমবার রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসামাঠে ওলামা-মাশায়েখদের এক সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘অন্যথায় যেভাবে আছি, সেভাবে থাকাকেই নিরাপদ মনে করি।’
সরকার গঠিত কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের আহ্বায়ক হলেন বেফাক সভাপতি শাহ আহমদ শফী। তিনি হেফাজতে ইসলামেরও আমির।
গতকালের ওলামা-মাশায়েখ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমদ শফী বলেন, এ দেশের কওমি মাদ্রাসাগুলো ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আট মূলনীতি অনুসরণ করে পরিচালিত হয়। এর সাত নম্বর নীতি হলো ‘মাদ্রাসার পরিচালনা ও ব্যবস্থাপনায় সরকারের অংশীদারি ক্ষতিকর।’ তিনি দেওবন্দের আট নীতির ওপর অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে আলেমদের প্রতি আহ্বান জানান।
আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে বেফাকসহ ছয়টি আঞ্চলিক কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় ৩০ জন আলেম বক্তব্য দেন। সব বক্তাই দেওবন্দের আদলে কওমি সনদের মান গ্রহণে আহমদ শফীর দাবির প্রতি সমর্থন জানান। তবে তাঁরা স্বীকৃতি নিয়ে সরকার ও সরকারপন্থী আলেমদের ‘উৎসাহের’ কড়া সমালোচনা করেন। হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস জুনায়েদ বাবুনগরী বলেন, বেফাক ও হাক্কানি আলেমদের বাদ দিয়ে স্বীকৃতির চেষ্টা প্রয়োজনে রক্ত দিয়ে প্রতিহত করা হবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন হবিগঞ্জ কওমি মাদ্রাসা বোর্ডের সভাপতি নুরুল ইসলাম অলিপুরী, শাহ মুহাম্মদ তৈয়্যব, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব নুরুল হুদা ফয়েজী প্রমুখ।