স্বচ্ছ প্রক্রিয়ায় দুদকে নেতৃত্ব নিয়োগের আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে যোগ্য, নিরপেক্ষ, পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগের আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল ও দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান দুদক। তাই দুদকের নতুন চেয়ারম্যান ও একজন নতুন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে দলীয় প্রভাবমুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যোগ্য, নিরপেক্ষ, বিতর্কের ঊর্ধ্বে নেতৃত্ব গুণাবলিসম্পন্ন, দৃঢ়চেতা ও পেশাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হচ্ছে ১৩ মার্চ। ওই দুই পদে নিয়োগের জন্য গত ২ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন অনুসারে বাছাই কমিটি প্রতিটি পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করবে। সেখান থেকে রাষ্ট্রপতি ওই দুই পদে দুজনকে নিয়োগ দেবেন।

ইফতেখারুজ্জামান বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে, বিশেষ করে দুদক আইন ২০০৪-এর ৬ (৩) ও ৬ (৪) বর্ণিত ধারার কোনো প্রকার ব্যত্যয় না করে এবং দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে দুদকে নতুন চেয়ারম্যান ও নতুন কমিশনার নিয়োগের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকার তার নিজস্ব অঙ্গীকার পূরণে সদিচ্ছার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবে, আমরা এই প্রত্যাশা করি।’
দুদক আইনের ৬ (৩) ধারায় বলা হয়েছে, কমিশনাররা যোগ দেওয়ার তারিখ থেকে পাঁচ বছর নিজে পদে দায়িত্ব পালন করবেন। ৬ (৪) ধারায় বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কমিশনাররা আবারও নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
টিআইবির নির্বাহী পরিচালক দুদকের কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটির কার্যপরিধি-সংক্রান্ত ধারাটি বিশেষজ্ঞ ও অংশীজনের সম্পৃক্ততা নিশ্চিত করে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে সংশোধনের আহ্বান জানান।