‘কুমিল্লা নগরে বিগত পাঁচ বছরে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মিত হয়েছে। যানজট, জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। যিনি নগরবাসীর মৌলিক দাবি মেটাবেন, এবার তাঁকে মেয়র পদে রায় দেব।’ কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগিচাগাঁও এলাকার ভোটার নূরুল হক ভোট নিয়ে তাঁর এমন ভাবনার কথা বললেন। তিনি এবারই প্রথম ভোটার হলেন।
নূরুল হকের সঙ্গে সায় দিয়ে নগরের ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকার নারী ভোটার জিনাত আমান বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের (পৌরসভাসহ) ১৫৩ বছরের ইতিহাসে একজন শিক্ষিত, সৎ, অভিজ্ঞ নারী মেয়র পদে প্রার্থী হয়েছেন।’
শুধু নূরুল হক ও জিনাত আমান নন, নগরের নানা পেশার অন্তত ৩০ জন ভোটারের সঙ্গে গত দুই দিনে কথা বলে জানা গেছে, নগরবাসী একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে রায় দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটের ক্ষেত্রে নারী, সংখ্যালঘু ও নতুন ভোটারেরা প্রভাবক হিসেবে ভূমিকা রাখবেন বলে নগরবাসী মনে করছেন।
নগরের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকার ভোটার মো. ফিরোজ মিয়া বলেন, ‘আমাদের এলাকার রাস্তাঘাট বেহাল। গত পাঁচ বছরে সড়কের কোনো সংস্কার হয়নি। যিনি রাস্তা করে দেবেন, এবার তাঁকে ভোট দেব।’ ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এলাকার নারী ভোটার গৃহিণী সাহিদা বেগম বলেন, ‘সামান্য বৃষ্টিতে খাল উপচে পানি বাসাবাড়িতে ঢুকে যায়। জলাবদ্ধতা দূরীকরণে যে প্রার্থী ভূমিকা রাখবেন, তাঁকে ভোট দেব।’
১ নম্বর ওয়ার্ডের ভোটার স্কুলশিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘মাদক ও সন্ত্রাস থেকে যাঁরা নগরকে রক্ষা করবেন, তাঁদের ভোট দেব।’
নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরি এলাকার বাসিন্দা কৃষক শহীদুল্লাহ বলেন, ‘গতবার ভালো মনে করে একজনকে ভোট দিয়েছি। অথচ আমাদের দক্ষিণ এলাকার কোনো উন্নয়ন নেই।’
এ ছাড়া নগরের বিভিন্ন পেশার মানুষের মধ্যে অন্তত ১০ জন ব্যক্তি অভিন্ন সুরে বলেছেন, নগর ভবনকে দুর্নীতির আখড়ায় যিনি পরিণত করবেন না, তাঁর প্রতি ভোটারদের আগ্রহ বেশি। এ ছাড়া নগরের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যিনি প্রভাবক হিসেবে কাজ করবেন, তাঁকে ভোট দেওয়া হবে।
তবে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার নির্বাচনী ইশতেহারে নগরবাসীর প্রত্যাশা ও ভাবনার বিষয়গুলো রয়েছে। নির্বাচনে সাক্কু ২৭ দফা ও সীমা ২৯ দফা ইশতেহার দিয়েছেন।
মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা ভোটারদের এমন প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে বলেন, গত পাঁচ বছরে নগরে দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়ছে না। যে কারণে ভোটারেরা পরিবর্তনের পক্ষে ভোট দিতে চান।
অন্যদিকে মনিরুল হক ভোটারদের ভাবনা নিয়ে বলেন, ‘আমি বিরোধীদলীয় মেয়র ছিলাম। কাজ করতে গিয়ে ভুল হতে পারে। আগামী দিনে ওই ভুল আর যেন না হয়, সেদিকে নজর থাকবে। কুমিল্লাবাসী বিশ্বমানের শান্তি-সম্প্রীতির শহর গঠনে আবারও আমাকে রায় দেবেন।’