স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে দরকার সংসদীয় নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় নজরদারির ওপর জোর দিতে হবে। কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারে গতকাল সোমবার আলোচকেরা এ কথা বলেন।
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।
‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’ শীর্ষক এই সেমিনারের উদ্বোধনী বক্তব্যে শিরীন শারমিন বলেন, মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে সমন্বয় করে সংসদীয় ব্যবস্থায় পরিবর্তন আসছে। তাঁদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কমিটি ব্যবস্থাপনাসহ সংসদীয় পদ্ধতি ও চর্চায় পরিবর্তন আসছে। স্বচ্ছতা ও জবাবদিহি আদায় করতে এবং সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী দিনের প্রথম অধিবেশনের আলোচ্য বিষয় ছিল কমনওয়েলথ ও সিপিএর ভূমিকা। এতে মুখ্য আলোচক ছিলেন সোয়াজিল্যান্ডের সাংসদ ও সিপিএ সচিবালয়ের প্রতিনিধি টি. খুমালো। তিনি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা, সংসদের সার্বভৌমত্ব, সংসদীয় রীতিনীতি, আন্তসংসদীয় সম্পর্কের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
‘সংসদ ও বাংলাদেশের রাজনৈতিক চিত্র’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে মুখ্য আলোচক ছিলেন সাংসদ আলী আশরাফ। তৃতীয় অধিবেশনে মুখ্য আলোচক ছিলেন হিসেবে শিরীন শারমিন চৌধুরী।
সেমিনারে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ঘানা, মালাউয়ি, কেনিয়া, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, কানাডা, জ্যামাইকা, ভারত, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাংসদেরা অংশ নেন। চার দিনব্যাপী এই সেমিনার ২১ মে পর্যন্ত চলবে।