স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে বিচারকাজ করছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে বিচারকাজ পরিচালনা করছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ।ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল রোববার বিকেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মেছবাহউদ্দিন এসব কথা বলেন। ট্রাইব্যুনাল-১ গঠনের দুই বছর পূর্তি ও ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু উপলক্ষে এই সংবাদ ব্রিফিং করা হয়।মেছবাহউদ্দিন আহমেদ বলেন, আসামিদের অধিকার রক্ষার জন্য ট্রাইব্যুনাল ইতিমধ্যে বিভিন্ন আদেশ দিয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপির নেতা আবদুল আলীমকে ট্রাইব্যুনাল জামিন দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় বাসায় রান্না করা খাবার সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেড় বছরের মাথায় ট্রাইব্যুনালে একটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আরেকটি মামলায় অভিযোগের বিষয়ে আদেশের দিন নির্ধারিত আছে এবং পাঁচটি মামলায় অভিযোগের বিষয়ে শুনানি চলছে। এ ছাড়া একটি মামলায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দেওয়া হবে। ট্রাইব্যুনাল দ্রুতগতিতে আটটি মামলার বিচারকাজ চালিয়ে যাচ্ছেন।দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ ত্বরান্বিত করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালে কার্যক্রমের প্রথম দিনে মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আবেদনের শুনানি হয়েছে।ট্রাইব্যুনালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মেছবাহউদ্দিন সবার সহযোগিতা কামনা করেন।