স্বচ্ছতা রক্ষায় টেন্ডার বাক্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র কাটছাঁট বা পরিবর্তনের বিষয়ে যাতে কোনো অভিযোগ না আসে, এ জন্য টেন্ডার বাক্সে মনোনয়নপত্র দাখিলের এক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলা প্রকৌশলী ও রিটার্নিং কর্মকর্তা এ উদ্যোগ নিয়েছেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা।
চতুর্থ ধাপে আগামী ৭ মে এই উপজেলার ১৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বলে নির্বাচন কমিশনের তফসিলে উল্লেখ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দপ্তরে গিয়ে টেন্ডার বাক্স রাখা দেখা যায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ওই বাক্সে তাঁদের পূরণ করা মনোনয়নপত্র জমা দিয়ে চলে যাচ্ছেন। বাক্সের পাশে দায়িত্ব পালন করছেন ওই রিটার্নিং কর্মকর্তা।
উপজেলার যোগীপাড়া ও ঝিকড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র দাখিলে স্বচ্ছতা আনতে ও কোনো রকম অভিযোগ এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি করে বড় খামে ভরে তা বাক্সে জমা দিয়ে যাচ্ছেন। তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রার্থীদের উপস্থিতিতে বাক্স খুলে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
তিনি বলেন, ফরম পূরণে ভুলত্রুটি থাকলে এবং প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত না করলে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ বিষয়ে প্রার্থীরা যাতে কোনো রকম অভিযোগ করতে না পারেন, সে জন্য তাঁদের মনোনয়নপত্র বাক্সে জমা দিতে বলা হচ্ছে। প্রার্থীরা নিজ হাতে তা বাক্সে ফেলে যাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা সানোয়ার হোসেন আরও বলেন, ফরম বাতিল হলে অনেকে অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাঁদের ফরমে কাটছাঁট করা এবং সংযুক্ত কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে। এ রকম সন্দেহ ও অভিযোগ থেকে রক্ষা পাওয়ার জন্য টেন্ডার বাক্সে মনোনয়নপত্র ফেলতে প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
ঝিকড়া ইউনিয়নের চেয়ারম্যান ও এবারের প্রার্থী সাইদুজ্জামান বলেন, রিটার্নিং কর্মকর্তার এ উদ্যোগ প্রশংসনীয়। প্রার্থীদের কোনো অভিযোগ বা সন্দেহ থাকবে না। যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাজেদুল হক, ঝিকড়ার সদস্য পদপ্রার্থী সিদ্দিকুর রহমানও প্রকৌশলীর এ উদ্যোগ ভালো বলে মন্তব্য করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনকে দুটি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা রক্ষা করা তাঁর দায়িত্ব। এ উদ্যোগ প্রশংসনীয়।