স্বচ্ছতার সঙ্গে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সামনে সংসদ নির্বাচন, বিশাল কর্মযজ্ঞ। এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
গতকাল শনিবার বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভায় সিইসি কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন। এ জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে এই সভা হয়।
সিইসি বলেন, নির্বাচনের মহাযজ্ঞে অনেককে দিয়ে কাজ করাতে হয়। অন্যদের দিয়ে কাজ করাতে গেলে সমস্যা আছে। কমিশনের কর্মকর্তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও আইন বিষয়ে জানা না থাকলে কাজটা উঠিয়ে নেওয়া কঠিন। তিনি বলেন, ‘নির্বাচন না থাকলে আপনাদের অস্তিত্ব নেই। নির্বাচনে আপনারা সরাসরি ভূমিকা রাখেন। এটি একটি বড় দায়িত্ব।’
সভায় কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বলেন, দশম সংসদ নির্বাচনের কোনো কাজ ‘আগামীকাল করব’, তা বলার সুযোগ নেই। যথাসময়ে কাজ শেষ করতে হবে।