
শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যার ঘটনায় ‘পলাতক’ মোস্তাফিজুর রহমানকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্রে প্রকৃত হত্যাকারীদের আড়াল করা হয়েছে। তাই মামলাটি স্বচ্ছতার সঙ্গে পুনঃতদন্ত করতে হবে।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন (বিজিআইডব্লিউএফ) ও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস)। আমিনুল বিসিডব্লিউএসের একজন সংগঠক এবং বিজিআইডব্লিউএফের সাভার ও আশুলিয়ার আঞ্চলিক কমিটির সভাপতি ছিলেন। ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পরদিন তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় ঘাটাইল থানা এলাকায়।
হত্যাকাণ্ডের সময় আমিনুলের গায়ে যেসব পোশাক ছিল, সেগুলোর ডিএনএ টেস্ট এবং একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে বিজিআইডব্লিউএফের সভাপতি বাবুল আখতার অভিযোগ করেন, মোস্তাফিজকে যাদের ধরার কথা, তারাই লুকিয়ে থাকলে কোনো দিনই ধরা পড়বে না।
২০১২ সালের ৪ এপ্রিল বেওয়ারিশ হিসেবে আমিনুলের লাশ উদ্ধারের পর ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ও অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে ঘাটাইল থানায় আরেকটি এজাহার দেন।
মামলাটি প্রথমে ঘাটাইল থানার পুলিশ তদন্ত করে। পরে তদন্ত করে পুলিশের ডিবি। ২০১২ সালের নভেম্বর মাসে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর মামলার অভিযোগপত্র টাঙ্গাইল জেলা আদালতে জমা দেন। আমিনুল হত্যার পর থেকে মোস্তাফিজুর ‘পলাতক’।