স্বজন হারানোর দুঃখে ঈদের আনন্দ ম্লান
ময়মনসিংহ শহরে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ১০ জুলাই নিহত হন ২২ জন নারী ও পাঁচ শিশু। এসব নিহত ব্যক্তির পরিবারে এবার ঈদের খুশি বলতে কিছুই ছিল না। ছিল শুধু স্বজন হারানোর বেদনা, কান্না আর দীর্ঘশ্বাস।
শহরের অতুল চক্রবর্তী সড়কে নূরানী জর্দা কারখানার মালিক মো. শামীমের বাড়ি থেকে ওই দিন জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। ঈদের আগে নতুন একটা শাড়ি পেতে মাঝরাত থেকে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু ওই বাড়ির সামনে ভিড় করেন। তবে কাপড় পাওয়ার আগেই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ২৭ জন প্রাণ হারান।
ময়মনসিংহ শহরতলির আকুয়া খালপাড় এলাকার খোদেজা বেগম (৫৫) ও তাঁর নাতনি বৃষ্টি (১১) সেদিন পদদলনে প্রাণ হারান। ঈদের দিন বেলা ১১টার দিকে তাঁদের খালপাড়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন মা ও মেয়ে হারানো (বৃষ্টির মা) পলি আক্তার। ভেতর পলিথিনের একটি ছাপরার ঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। পলি আক্তার সেদিন সকাল থেকেই নাওয়া-খাওয়া করেননি। কথা বলতে চাইলে তিনি একটা মুঠোফোন নিয়ে আসেন। মুঠোফোনে বৃষ্টির ছবি দেখান। পলি আক্তার বলেন, ঈদের দিন সকাল থেকে কয়েকবার মুঠোফোনে বৃষ্টির একমাত্র ছবিটা দেখছেন। ঝাপসা ওই ছবিই এখন তাঁর একমাত্র স্মৃতি। পলি আক্তার বলেন, ‘আমার জন্য একটা নতুন শাড়ি আনতে গিয়ে আমার মেয়ে মইর্যার গেল। এই কষ্ট আমি কই রাখি।’
শহরতলির কাঠগোলা বাজার এলাকার রুবি আক্তারও (১২) ওই দিন সেহ্রির সময় জাকাতের কাপড় আনতে গিয়ে নিহত হয়। ব্রহ্মপুত্র নদ থেকে মাত্র ১০ গজ দূরে একটা ঘরে বাস করে রুবির পরিবার। ঈদের দিন সেখানে গেলে রুবির ছোট বোন সুমাইয়া নিজের জন্য কেনা জামা হাতে নিয়ে নিয়ে বলে, ‘ঈদের দিন আমি আমার বইনের (রুবি) লগে পার্কে যাইতাম। নদীর পাড় ধইর্যাে বেড়াইতাম। নানির বাড়িতযাইতাম। এইবার আমার বইন নাই।’ এ কথা বলে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শোকে কাতর রুবির মা মমতাজ বেগম ও বাবা রতন। রতন অসুস্থ হয়ে পড়েছেন। কথা বলতে পারছেন না। মমতাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপনেরা আমার মেয়ের একটা ছবি দিতে পারবেন। আমার মেয়ের একটা ছবিও নাই আমার কাছে।’
পদদলনে নিহত হন থানা ঘাট এলাকার সখিনা ও তাঁর দুই বছরের শিশু লামিয়া। ঈদের দুপুরে দেখা যায়, লামিয়ার বাবা নূর ইসলামের ঘরে কয়েকজন প্রতিবেশী। বিছানায় পড়ে আছে লাল টকটকে একটা ছোট্ট জামা, সাদা নূপুর আর একটা পুতুল। এগুলো নূর ইসলাম লামিয়ার জন্য ঈদ উপলক্ষে কিনেছিলেন। মেয়ে নেই। এগুলো দেখে দেখে সময় কাটান বিদ্যুতের মিস্ত্রি নূর ইসলাম ও তাঁর ১২ বছরের ছেলে সুপ্ত। নুর ইসলাম বলেন, ‘ঈদের সারা দিন আমি মেয়ের লগে থাকতাম। তারে সুন্দার কইর্যাট সাজায়া ছবি তুলতাম। কিন্তু আমার কপালে নাই মেয়ে লইয়া ঈদ করা।’