স্বজন হারিয়ে দিশেহারা আদিবাসীরা, দিন কাটছে অনাহারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকাল তখন কয়টা বাজে ঠিক মনে নেই, হঠাত্ গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে উঠি। বাড়ির উঠোনে গিয়ে দেখি, কাচালং নদী পার হচ্ছে একদল সেনাসদস্য। সেনাদের পেছনে ২০ থেকে ২৫ জন বাঙালি। ২০ দিন বয়সী ছেলেটিকে কোলে নিয়ে গ্রামের অন্যদের সঙ্গে জঙ্গলের দিকে দৌড় দিই। অপর চার ছেলেমেয়েকে বলি আমাকে অনুসরণ করতে। এভাবে পালিয়ে এসেছি। কিন্তু একটি ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।’রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলুবন্যে এলাকার গভীর জঙ্গলে গতকাল সোমবার কাঁদতে কাঁদতে এভাবে বাড়িছাড়া ও স্বজন নিখোঁজ হওয়ার ঘটনার বর্ণনা দেন রেত্যেবি চাকমা (৩৫)। তাঁর বাড়ি এই জঙ্গল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে—উপজেলার বাঘাইহাট ইউনিয়নের গুচ্ছগ্রামে। ওই জঙ্গলের বড় একটি গাছের নিচে গ্রামের আরও কয়েকজনের সঙ্গে রয়েছেন রেত্যেবি। তাঁর সঙ্গে ছোট ছেলেটি ছাড়াও আছে বড় ছেলে অরুণ চাকমা (১০), মেয়ে চিজি চাকমা (৪) ও তরুণ চাকমা (২)। মেজ ছেলে কালা চাকমা (৭) গত শনিবার থেকে নিখোঁজ।বাঘাইহাটের বিভিন্ন গ্রামে শনিবারের সহিংস ঘটনার পর দুই শতাধিক পরিবারের ছয় শতাধিক আদিবাসী বাড়িহারা হয়। তাঁদের অধিকাংশই এখন গভীর জঙ্গলে। সেখানে রেত্যেবির মতো আরও অনেকে আপনজন ও আত্মীয়স্বজন হারিয়ে দিশেহারা। তারা দিন কাটাচ্ছে অনাহারে-অর্ধাহারে। বাস্তুচ্যুত বেশ কয়েকজনের সঙ্গে গতকাল এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ। রেত্যেবি চাকমা আরও জানান, পাঁচ দিন আগে তাঁর স্বামী সাজেকের গভীর জঙ্গলে কাত্তুন্যে (বাঁশ সংগ্রহে যাওয়া) গেছেন। স্বামী বাড়িতে কিছু টাকা রেখে গেছেন। কিন্তু আকস্মিক সহিংসতার মুখে তিনি কিছুই নিয়ে আসতে পারেননি। ছেলেমেয়েরা এখন মাটি থেকে বন্য আলু তুলে অথবা কলা খেয়ে ক্ষুধা নিবারণ করছে। বড়দেরও একই অবস্থা।গুচ্ছগ্রামের কিশোর বিমল চাকমার (১৭) সঙ্গে কথা হয় হাতিমারা জঙ্গলে। সে জানে না তার বাবা, মা, ভাই, বোন কোথায়। বিমল বলে, ‘ঘটনার দিন বাড়ি থেকে বের হয়ে শুনি, সেনাবাহিনী আর বাঙালিরা আক্রমণ করতে আসছে। তাই অপর কয়েকজনের সঙ্গে আমিও পালাই। এখন বিভিন্ন জায়গায় মা-বাবাকে খুঁজছি। কিন্তু তাঁদের সন্ধান কেউ দিতে পারছে না।’ বিমল আরও জানায়, ঘটনার পর থেকে সে প্রায় অভুক্ত। মাঝে মাঝে পেটে ব্যথা উঠছে। এদিকে অনেকে রাত যাপন করছে গাছের নিচে অথবা গাছপাতা দিয়ে সামান্য ছাউনি দিয়ে তার নিচে। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হূদয় রঞ্জন চাকমা জানান, সেনাবাহিনীর ভয়ে জঙ্গলের ভেতর লোকজন প্রায় প্রতিদিন স্থান পরিবর্তন করছে। তাঁদের আশঙ্কা, সেনাবাহিনী তাঁদের দূরে সরিয়ে দিতে গভীর জঙ্গলেও হানা দিতে পারে।