স্বজনদের আবারও ধৈর্য ধরার পরামর্শ দিলেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে দুই মাস ধরে জিম্মি ২৬ বাংলাদেশির পরিবারকে আবারও ধৈর্য ধরার পরামর্শ দিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সরকার অপহূত জাহান মণির ২৫ নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীকে নিরাপদে উদ্ধারের ‘সব ধরনের প্রয়াস’ চালাচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার দুপুরে তাঁর দপ্তরে জিম্মিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এই বৈঠকের একটি সূত্র জানিয়েছে, জিম্মিদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে জাহাজের মালিকপক্ষের যোগাযোগ কয়েক দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। এই যোগাযোগবিচ্ছিন্নতার জন্য বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একটি প্রচারমাধ্যম প্রতিষ্ঠানকে দায়ী করেন।প্রসঙ্গত, আটকে পড়া এক নাবিকের সঙ্গে ফোনালাপকে কেন্দ্র করে ২ ফেব্রুয়ারি একটি স্যাটেলাইট চ্যানেল প্রতিবেদন প্রচার করে। এর পর থেকে জলদস্যুরা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। তাই এ পর্যন্ত জিম্মিদের উদ্ধারে বেশ অগ্রগতি হলেও তাঁদের মুক্তির চূড়ান্ত দিনক্ষণের বিষয়টি খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে।গতকালের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উদ্ভূত পরিস্থিতির জন্য ওই টিভি প্রতিবেদনকে দায়ী করেন। তিনি জিম্মিদের পরিবারের কাছে ওই টিভি সাংবাদিকের সঙ্গে কীভাবে যোগাযোগ করা হয়েছে তা জানতে চান। দিপু মনি প্রশ্ন করেন, কীভাবেই বা তাঁর ফোন নম্বর জিম্মিদের কাছে গেল? দীপু মনি জিম্মিদের পরিবারের সদস্যদের প্রচারমাধ্যমের সঙ্গে সরাসরি কথা না বলার পরামর্শ দেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁদের ধৈর্য ধরতে বলেছি। এই মুহূর্তে একমাত্র ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। আশা করছি, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হবে।’ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জিম্মি পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত থেকেছেন। গত ৫ ডিসেম্বর দক্ষিণ ভারতের কোচিন বন্দরের অদূরে লাক্ষা দ্বীপের কাছে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণি। চরম অরাজকতার শিকার দেশ সোমালিয়ার জলদস্যুরা মুক্তিপণের জন্য বিস্তীর্ণ সমুদ্রবক্ষে জাহাজ আটক করে আসছে।