স্বজনদের কাছে পাওয়ার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া সাত বাংলাদেশি নাবিকের চারজনই সাতক্ষীরার বাসিন্দা৷ দীর্ঘ সাড়ে তিন বছর বন্দী থাকার পর মুক্তির খবরে তাঁদের পরিবারে এখন আনন্দের বন্যা৷ স্বজনদের কাছে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা৷ অপেক্ষায় আছে চট্টগ্রামের আনোয়ারার মেরিন একাডেমি কলোনির দুই পরিবারও৷
সোমালিয়ার জলদস্যুরা ২০১০ সালের ২৬ নভেম্বর সাগরে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলবেদো ছিনতাই করে৷ সেই জাহাজে বিভিন্ন দেশের ২৩ নাবিকের মধ্যে সাতজন বাংলাদেশি নাবিকও ছিলেন৷ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে কেনিয়া যাচ্ছিল৷
সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার চারজন হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মৃত শেখ মৌ হোসেনের ছেলে গোলাম মোস্তফা, ঈমান আলী সরদারের ছেলে হাবিবুর রহমান, মৃত সোবহান সরদারের ছেলে নূরুল হক ও আশাশুনি উপজেলার আবদুর রউফের ছেলে আবুল কাসেম।
নাবিক গোলাম মোস্তফার স্ত্রী সালমা বেগম জানান, শনিবার রাতে তাঁর স্বামীসহ অন্যদের মুক্তির খবর টেলিভিশনের খবরে প্রথম তাঁরা জানতে পারেন। এর কিছুক্ষণ পরে স্বামীর মুঠোফোনে মুক্তির খবর জানালে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। স্বামী তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আমার ‘মহুয়া-সাকিল’ কেমন আছে। খুব দ্রুত বাড়ি ফিরব, আমরা ভালো আছি।’
নাবিক আবুল কাসেমের বাবা আবদুর রউফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাড়ে তিন বছর পর সন্তান তাঁর কাছে ফিরে আসছে, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই৷ এখন ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষা৷
‘ছেলের শোকে কিছুদিন আগে তাঁর মা মারা গেছেন। ছেলে ফিরে এলে কিছুটা হলেও সান্ত্বনা পাব৷’ বলেন নাবিক হাবিবুর রহমানের বাবা ঈমান আলী৷
আনোয়ারার মেরিন একাডেিম কলোিনর ক্যাডেট জাকির হোসেনের মা মাজেদা বেগম বলছিলেন, ‘ছেলে ঘরে ফিরে আসবে, এর চেয়ে বড় খুশি আর কী হতে পারে! গত সাড়ে তিনটি বছর কেটেছে চোখের জলে, আল্লাহ আমাদের কান্না শুনেছেনে।’ একইভাবে আনন্দ চলছিল আরেক ক্যাডেট আমিনুল ইসলামের ঘরেও। আমিনুলের ছোট বোন সানজিদা আকতার বলেন, ‘ভাই আসবে এটাই বড় কথা, খুশি লাগছে।’
মুক্তি পাওয়া ওই সাত বাংলাদেশি নাবিককে জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দপ্তরের (ইউএনওডিসি) একটি উড়োজাহাজযোগে শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেওয়া হয়েছে। সেখান থেকে দেশে ফিরবেন তাঁরা৷