স্বজনদের কাছে ফিরে গেলেন তিন ভারতীয়
শেরপুর জেলা কারাগারে সাত বছর কারাভোগের পর গত বুধবার বিকেলে তিন ভারতীয় বন্দীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এঁরা হলেন ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার পুরাকাশিয়া বেলাবোর গ্রামের সেলিম মারাক, আগত সাংমা ও নিভেল মারাক।
কারা কর্তৃপক্ষ জানায়, শেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ উদ্যোগে গত বুধবার সকাল নয়টায় জেলা কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় সংস্থাটির পক্ষ থেকে ওই বন্দীদের প্রত্যেককে এক হাজার করে টাকা দেওয়া হয়। বিকেলে তাঁদের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
কারা সূত্রে জানা গেছে, ওই তিন ভারতীয় নাগরিক ২০০৭ সালে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হন। পরে শেরপুরের জেলা ও দায়রা জজ আদালত তাঁদের সাড়ে তিন বছরের সাজা দেন। ২০১১ সালে সেই সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু তাঁদের দেওয়া ঠিকানায় ভুল থাকায় এবং স্বজনদের সঙ্গে যথাসময়ে যোগাযোগ করতে না পারায় আরও প্রায় সাড়ে তিন বছর তাঁদের ‘রিলিজড প্রিজনার’ হিসেবে থাকতে হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ বলেন, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্টের সহায়তায় ট্রেসিং ইউনিটের মাধ্যমে ভারতীয় রেডক্রসের সঙ্গে যোগাযোগ করে ওই তিন ভারতীয়কে নিজ দেশে পাঠানো হলো।