স্বজনদের কাছে ফোন আসছে বারবার

চার দিন আগে টেকনাফের খালেদা বানুর কাছে ফোন আসে। ওপাশ থেকে জানানো হয়, তাঁর ছেলে বেঁচে আছে। ৩০ হাজার টাকা দিলে ছেলেকে ফেরত পাবেন। কয়েক মাস আগেও এমন একটি ফোন পেয়ে টাকা দিয়েছিলেন খালেদা। কিন্তু ছেলে ফেরেনি। এবার ফোন পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
নভেম্বর থেকে নিখোঁজ খালেদার ছেলে। তিনি ঘুমিয়ে থাকতেই ঘর থেকে তাঁর ছেলে বেরিয়ে যায়। দশ গুণ বেশি আয়ের লোভ দেখিয়ে তাঁর ছেলেকে যে ব্যক্তি মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভন দেখিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে মামলাও করেন খালেদা। গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তিও ছেলেকে পেতে কোনো সাহায্য করতে পারেননি। শুধু খালেদা নন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এমন অনেকের কাছেই মালয়েশিয়া ও থাইল্যান্ডের নম্বর থেকে এমন ফোন আসে। খুব অল্প কথায় তাঁদের কাছে টাকা চেয়ে স্বজনদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে ওই নম্বরগুলোতে ফোন করলে কেউ ধরে না, আবার কোনো কোনো নম্বর বন্ধ পাওয়া যায়। খবর রয়টার্স, এএফপি, বার্নামা, হুরিয়াত ডেইলি নিউজ, দ্য নেশনের।
সম্প্রতি থাইল্যান্ড-মালয়েশিয়ায় বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের গণকবরের সন্ধান পাওয়া এবং সাগরে অভিবাসনপ্রত্যাশীদের ভেসে থাকার ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হওয়ায় টেকনাফে পরিবারগুলোর কাছে বারবার এমন ফোন আসছে।
বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, জীবনের ঝুঁকি নিয়ে অভিবাসনপ্রত্যাশী যাঁরা নৌকায় উঠছেন বা পাচারের শিকার হচ্ছেন, তাঁদের বেশির ভাগই রোহিঙ্গা, আছেন অনেক বাংলাদেশিও। গত ১ মে থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া জলসীমা থেকে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসছেন আরও আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী।
পাচারের শিকার ব্যক্তিদের পরিবারগুলো বলছে, মালয়েশিয়া যাওয়ার প্রস্তাব দিয়ে পাচারকারীরা শুরুতে পরিবারের কাছে কোনো টাকাপয়সা চায় না। টেকনাফের বাসিন্দা মোহাম্মদ হাসান জানান, তাঁর শ্যালককে নিয়ে থাইল্যান্ডের জঙ্গলে আটকে রেখে ফোন দেওয়া হলো, ২ লাখ ২০ হাজার টাকা দিলে সে মুক্তি পাবে। তিনি জানিয়েছিলেন, তাঁর মতো দিনমজুর কী করে এত টাকা জোগাড় করবে। কাঁদতে কাঁদতে হাসান জানান, সপ্তাহ খানেক আগে আবার একটি ফোন আসে। জানানো হয়, তাঁর শ্যালককে হত্যা করে থাইল্যান্ডের একটি পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে।
টেকনাফ অঞ্চলের বিজিবির কমান্ডিং অফিসার মোহাম্মদ আবুজার আল জাহিদ বলেন, এটা অবৈধভাবে অর্থ আদায়ের একটি কৌশলে পরিণত হয়েছে। সহজে প্রতারণা করা যাবে, এমন পরিবারকে বেছে নেয় তারা। তিনি বলেন, মানব পাচারের সঙ্গে জড়িত দালালেরা শহর-গ্রামে সবখানে ছড়িয়ে পড়েছে।
মানব পাচারের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া থাকা আবুজার আল জাহিদ জানান, যারা পাচার করে নৌকায় তুলছে, তারা পাচারের শিকার ব্যক্তিদের কাদের হাতে তুলে দিচ্ছে, তাদের চেনে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেনদেন হয়।
অভিবাসীদের সঙ্গে দেখা করতে বাধা: মিয়ানমার কর্তৃপক্ষের উদ্ধার করা ৭২৭ জন অভিবাসীর সঙ্গে সাংবাদিকদের দেখা করতে বাধা দিচ্ছে দেশটির নৌবাহিনী। গত সপ্তাহে সাগরে ভাসমান নৌকা থেকে ওই অভিবাসীদের উদ্ধার কর হয় বলে দাবি মিয়ানমারের। তাদের প্রত্যন্ত দ্বীপ থামি এইচলায় নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, গতকাল সাংবাদিকেরা ওই অভিবাসীদের সঙ্গে কথা বলতে কয়েকটি ছোট নৌকায় করে থামি এইচলা দ্বীপে যাওয়ার চেষ্টা করেন। কিছু দূর যাওয়ার পরই মিয়ানমার নৌবাহিনীর টহলরত নৌযানগুলো তাঁদের ঘিরে ফেলে ও ফিরে যাওয়ার নির্দেশ দেয়। কোনো ভিডিও ধারণ করা হয়ে থাকলে মেমোরি কার্ড থেকে তাও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। পরে তাঁরা ওই এলাকা থেকে ফিরে আসেন।
মিয়ানমার গত সপ্তাহে ওই অভিবাসীদের উদ্ধারের কথা জানিয়ে দাবি করে, উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ৭৪ জন নারী ও ৪৫টি শিশুও আছে। মিয়ানমার কর্তৃপক্ষ আন্তর্জাতিক কোনো গণমাধ্যম বা সংস্থাকে ওই অভিবাসীদের সঙ্গে কথা বলতে না দেওয়ায় নিরপেক্ষ কোনো সূত্র থেকে অভিবাসীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মালয়েশিয়ার জলসীমায় তিন নৌকা: মালয়েশিয়ার সীমান্তে টহলরত হেলিকপ্টার থেকে গত শনিবার সাগরে তিনটি নৌকা শনাক্ত করা হয়েছে। ওই নৌকাগুলোতে অবৈধ অভিবাসী রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিবাসীদের আশ্রয় দেবে তুরস্ক: সাগরে ভাসতে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়া-ইন্দোনেশিয়া আশ্রয় না দিলে তুরস্ক বাণিজ্যিক জাহাজের মাধ্যমে তাদের উদ্ধার করে আশ্রয় দেবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত কাভুসোগলু গত শুক্রবার রাতে সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা জানান।
থাইল্যান্ডে মোট গ্রেপ্তার ৫১: মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শনিবার থাইল্যান্ড আরও চারজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই নিয়ে মোট ৮১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তাদের মধ্যে এ পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।