স্বজনদের কান্না থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগের কর্মী স্বপনের মা ও তাঁর স্বজনেরা আহাজারি করছেন। পিরোজপুরের মঠবাড়িয়ার আন্ধারমানিক গ্রাম থেকে গতকাল তোলা ছবি ষ প্রথম আলো
দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগের কর্মী স্বপনের মা ও তাঁর স্বজনেরা আহাজারি করছেন। পিরোজপুরের মঠবাড়িয়ার আন্ধারমানিক গ্রাম থেকে গতকাল তোলা ছবি ষ প্রথম আলো

স্বপন শীলের ছোট ছেলে সজীব শীল (৯) বাবা বাবা করে কেঁদে ফিরছে। স্বজনদের কোনো সান্ত্বনাই ওর কান্না থামাতে পারছে না। স্বপনের বড় ছেলে সাগর শীল (১৫) শোকে যেন পাথর হয়ে গেছে। কিছুক্ষণ পর পর ছোট ভাই সজীবের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সাগর যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছে না।
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর গ্রামে গত রোববার জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় নিহত হন যুবলীগের কর্মী স্বপন শীল (৩৫)। ওই দিন রাতেই মঠবাড়িয়া সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাড়িতে স্বপনের শেষকৃত্য সম্পন্ন হয়।
সরেজমিনে গতকাল সোমবার সকালে দেখা গেছে, গ্রামের বাড়ি আন্ধারমানিকে স্বজনদের আহাজারি চলছে। স্বপনের মা কল্পনা রানী ও স্ত্রী বিউটি রানীর কান্না থামছে না।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাগর শীল বলে, ‘রোববার ভোর চারটার দিকে কয়েক শ মানুষ ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। বাবা (স্বপন) ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা তাঁকে ধরে নিয়ে যায়। তারপর তাঁর দুই পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করে বাড়ির উঠানে ফেলে রাখে। এ সময় দুর্বৃত্তরা আমাদের ঘরে লুটপাট চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে। তারা আমার মায়ের কানের ও নাকের সোনার গয়না খুলে নিয়ে যায়।’
সাগর শীল জানায়, তার বাবাকে গুরুতর আহত অবস্থায় সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
স্বপনের বাবা সুনীল চন্দ্র শীল জানান, ১৮ বছর আগে স্বপন জিয়ানগর উপজেলার চর বলেশ্বর গ্রামের বিমল চন্দ্র শীলের মেয়ে বিউটি রানীকে (৩২) বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতে শুরু করেন। স্বপনের বড় ছেলে সাগর শীল দশম শ্রেণী ও ছোট ছেলে সজীব শীল চতুর্থ শ্রেণীর ছাত্র। বর্তমানে সাগরের এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছে। স্বপন দীর্ঘদিন বালিপাড়ার ইউনিয়নের চর বলেশ্বরে সেলুনের দোকান পরিচালনা করতেন।