স্বজনদের কান্না থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের ২২ মার্চ। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের দিন পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রের সামনে বিজিবির গুলিতে নিহত হয়েছিলেন পাঁচজন। ধানীসাফা ইউপি নির্বাচনে সাফা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদের বাতিল করা ৭৪৬ ভোট বৈধ করার দাবিতে জনতার শান্তিপূর্ণ অবরোধে বিজিবি গুলি চালালে এ হতাহত হওয়ার ঘটনা ঘটে।
২০১৬ সালে ছয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় একসঙ্গে সবচেয়ে বেশি (পাঁচজন) মানুষের প্রাণহানির ঘটনা ছিল এটি। এ ঘটনায় নিহত হয়েছিলেন দিনমজুর বেল্লাল মোল্লা, কলেজছাত্র সোলায়মান তালুকদার, বেসরকারি চাকরিজীবী সোহেল মাতুব্বর ও শাহাদাৎ হোসেন, অটোরিকশাচালক কামরুল মৃধা।
গত শনিবার নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে কথা হয় স্বজনদের সঙ্গে। তাঁরা বলেন, উপার্জনক্ষম মানুষগুলোকে হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অর্ধাহারে-অনাহারে দিন কাটে তাদের। নিহত ব্যক্তিরা আওয়ামী লীগের কর্মী ছিলেন। অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁদের পরিবারের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। শুধু ধানীসাফা ইউপি চেয়ারম্যান পরিবারগুলোর খোঁজখবর নেন।
নিহত কামরুল মৃধার মা খাদিজা বেগমের কান্না এখনো থামছে না। খাদিজা বেগম বলেন, ‘ঘরের বারান্দায় টাঙানো ছেলের ছবি দেখলেই আমার কান্না পায়। ওকে (কামরুল) একমুহূর্তও ভুলতে পারি না।’ কামরুলের বাবা সাইদুল মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজিবি গুলি কইরা পাঁচটা জ্যান্ত (জীবিত) মানুষ মারল। কোনো বিচার হইল না। আমাগো খোঁজখবর কেউ নেয় না।’ তিনি আরও বলেন, কামরুলের মৃত্যুর তিন মাস পর কামরুলের স্ত্রী জয়নব আক্তার একটি কন্যাশিশুর জন্ম দেন। অভাবের সংসারে অনাহারে বেড়ে উঠছে শিশুটি।
নিহত বেল্লাল মোল্লার স্ত্রী সীমা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। তাঁর রোজগারে সংসার চলত। তিনি মারা যাওয়ার পর আমি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করছি। কিন্তু আমার আয়ে সংসার ঠিকমতো চলছিল না। ছোট দুই ছেলেকে ঠিকমতো তিন বেলা খেতে দিতে পারছি না। অভাবের কারণে বৃদ্ধ শাশুড়ি এই বয়সেও চট্টগ্রামে গিয়ে কাজ করছেন।’
নিহত সোহেল মাতুব্বর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভোট উপলক্ষে গ্রামে এসেছিলেন। সোহেলের বাবা ফজলুল হক বলেন, সোহেল ছিলেন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। সন্ধ্যায় খবর আসে সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ৭৪৬টি ভোট বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ওই ভোট বৈধ করার দাবিতে সোহেলও সেখানে গিয়ে অবস্থান নেন। বিজিবি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সোহেল সড়কের ওপর লুটিয়ে পড়েন। এরপর বিজিবির গাড়ি সোহেলকে চাপা দিয়ে চলে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে সোহেলের মাথার মগজ বের হয়ে যায়। গুলিবিদ্ধ আহত মানুষটাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। সোহেলের স্ত্রীকে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ একটি সেলাই মেশিন দিয়েছেন। সেলাই মেশিন দিয়ে আয় করে তিনি দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন।
নিহত শাহাদাত হোসেনের বাবা নেই। মা, স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমিকের কাজ করতেন। শাহাদাতের আয়ে চলত পুরো পরিবার। শাহাদাতের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘শাহাদাতের আয়ে সংসার চলত। তিনি মারা যাওয়ার পর কষ্ট করে সংসার চালাচ্ছি।’
নিহত সোলায়মান তালুকদার ছিলেন স্নাকাত্তোরের ছাত্র। বেসরকারি একটি ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। মৃত্যুর কয়েক দিন পর আসে তাঁর চাকরির নিয়োগপত্র।
ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘আমার বাতিল হওয়া ভোট বৈধ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিজিবি গুলি চালিয়ে পাঁচজন মানুষকে হত্যা করে। নিহত ব্যক্তিরা তাঁদের পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমি এ হত্যাকাণ্ডের বিচার ও পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।’
ওই ঘটনায় পার্বত্য জেলা বান্দরবান থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে আসা পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৩০০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। জানতে চাইলে মঠবাড়িয়া সার্কেলের এএসপি কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, মামলাটি থানা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।