বাবা বাবা বলে কাঁদছে সাইফুল ইসলাম ওরফে বাদশার মা জবুরা খাতুন। স্বজনদের কোনো সান্ত্বনাই তাঁকে থামাতে পারছে না। ছোট বোন ফিরোজা বেগম শোকে যেন পাথর হয়ে গেছেন। ছোট ভাই সিফাতুল ইসলাম মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে গত শুক্রবার বিকেলে বিজিবির সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত হন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে বাদশা (২৮)। ঘটনার পরপরই তাঁর লাশ নিয়ে যায় বিজিবি ও পুলিশ সদস্যরা। পরদিন শনিবার রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। জানাজা শেষে পৌরসভার হালকাকারা এলাকার সওদাগর পাড়া গ্রামে নিজ বাড়ির কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ঘরের বারান্দায় মা জবুরা খাতুন ও বোন ফিরোজা বেগম একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন।
ফিরোজা উচ্চস্বরে বলছেন, ‘আল্ল্লাহ তুমি আমার ভাইয়ের হত্যাকারীদের ধ্বংস করো।’ বাবা মোকতার আহমদ বলেন, ‘গণতান্ত্রিক দেশে মিছিল-সমাবেশ করা কোনো অপরাধ নয়। এর পরও বাদশাকে প্রকাশ্যে পুলিশ ও বিজিবি গুলি করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’
তাহলে কেন মামলা করছেন না জানতে চাইলে মোকতার আহমদ বলেন, মামলা করতে হলে পুলিশের কাছে যেতে হবে। যারা আসামি তাদের হাতে যদি মামলার চাবি থাকে, তাহলে সে মামলা না করাই ভালো!
স্থানীয় লোকজন জানান, বাদশা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন। তিন বছর আগে সওদাগর পাড়া স্টেশনে একটি চায়ের দোকান খুলেছিলেন বাদশা। ওই দোকানের আয় দিয়ে নয় সদস্যের সংসারের খরচ চলত।
জানা গেছে, নয় মাস আগে সওদাগরপাড়ার পার্শ্ববর্তী জালিয়াপাড়ার বিএনপি সমর্থিত ব্যক্তিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে সেই মামলায় বাদশাকে আসামি করা হয়। পরে ওই মামলায় বাদশা গ্রেপ্তার হয়ে ৩৫ দিন জেল খাটেন। এরপর থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। পরে তাঁকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়।