স্বজনদের ক্ষতিপূরণ মামলার পরবর্তী শুনানি ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র-পরিচালক তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরণ মামলার শুনানি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়নি। আগামী ৮ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।গত বছরের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। জেলা জজ আদালত সূত্রে জানা গেছে, মোটরযান অর্ডিন্যান্স ১৯৮৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ক্ষতিপূরণের ১২৮ ধারা অনুযায়ী, তারেক মাসুদ এবং মিশুক মুনীরের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চেয়ে তাঁদের স্বজনেরা ১৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা জজ আদালতে মামলা করেন। তারেক মাসুদের পক্ষে তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ সাত কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী পাঁচ কোটি পাঁচ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেন। মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মালিক মো. কাশেদ মিয়া, মো. খোকন মিয়া, মো. জাহাঙ্গীর কবির, দুর্ঘটনাকবলিত বাসের চালক মো. জমির উদ্দিন এবং রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছে এ ক্ষতিপূরণের অর্থ দাবি করা হয়। বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রশীদ বলেন, মামলার শুনানি গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান ছুটিতে থাকায় তা অনুষ্ঠিত হয়নি। আগামী ৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।