* নিহত ব্যক্তিদের পরিবারগুলোর খবর কেউ রাখেনি। অভাব-অনটনে একটি পরিবারের পথে বসার উপক্রম হয়েছে * নূর হোসেনের সহযোগীরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার বিচার শেষ হয়েছে। আদালত আসামিদের সাজাও দিয়েছেন। কিন্তু নিহত ব্যক্তিদের পরিবারগুলোর খবর কেউ রাখেনি। অভাব-অনটনে একটি পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। আরেকটি পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্য একটি পরিবার উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দারুণ কষ্টে দিনাতিপাত করছে। স্বজন হারানোর ক্ষত তাদের দিন দিন বাড়ছেই। বহুল আলোচিত এ ঘটনার তিন বছর পূর্ণ হচ্ছে আজ ২৭ এপ্রিল।
নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, আদালতের রায়ে নূর হোসেনের ফাঁসি হলেও তাঁর সহযোগীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। র্যাবের ছয় সদস্যসহ যে আটজন এখনো পলাতক রয়েছেন, তাঁদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই।
২০১৪ সালের এই দিনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মেয়র নজরুল ইসলাম, তাঁর বন্ধু সিরাজুল ইসলাম, নজরুলের সহযোগী ওয়ার্ড যুবলীগের কর্মী মনিরুজ্জামান স্বপন, জাতীয় শিশু-কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম ও স্বপনের গাড়িচালক জাহাঙ্গীরকে প্রথমে অপহরণ করা হয়। পরে এ ঘটনা দেখে ফেলায় নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করেন র্যাব সদস্যরা। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের সাতজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম একটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন। সিআইডি পুলিশ তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের ১৬ জানুয়ারি মামলা দুটির বিচার শেষ হয়। রায়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, মামলাটি রায় কার্যকরের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়েছে। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করেছে।
নিহত নজরুল ইসলামের স্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিম্ন আদালতের দেওয়া রায়টি উচ্চ আদালতেও বহাল থাকুক।’ তিনি অভিযোগ করেন, নূর হোসেনের সহযোগীরা তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে। এ নিয়ে তাঁরা আতঙ্কে আছেন।
নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে সুস্মিতা সরকার জানান, রায় যেন দ্রুত কার্যকর করা হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’
এদিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী মধ্যপাড়া এলাকার নিহত মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলমের বাসায় গেলে তাঁর স্ত্রী সামসুন নাহার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আলম নিহত হওয়ার দুই মাস পর তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। এখন খুবই অসহায় অবস্থায় আছেন তিনি। নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করছেন। তিনি বলেন, ‘আমাদের খোঁজ কেউ নেয়নি। মেয়র আইভী আপা আমাকে সিটি করপোরেশনে একটি চাকরি দিয়েছেন। এ চাকরির আয় দিয়ে কোনোমতে সংসার চালাচ্ছি।’
মিজমিজির চৌধুরীপাড়ার নিহত তাজুল ইসলামদের বাসায় গেলে তাঁর বাবা আবুল খায়ের ও মা তাসলিমা বেগমও বলেন, ‘২০১৪ সালের ২৪ এপ্রিল তাজুলের সঙ্গে তাঁদের শেষ কথা হয়। তিন দিন পর ছেলের লাশ আসে। তারা আমার ছেলেকে এমন নৃশংসভাবে হত্যা করেছে তার জন্য আমার ছেলের লাশটুকুও আমাকে দেখতে দেয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ৭ খুনের মামলার আসামিদের বিরুদ্ধে রায় হলেও এর নির্দেশদাতা এখন আলোতে আসেনি, অন্ধকারেই রয়ে গেছে।