স্বজনদের খুঁজে পাচ্ছে না শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন ধরে স্বজন হারা এই শিশুটি হাসাপাতালে। ছবি: সোয়েল রানা, বগুড়া
চার দিন ধরে স্বজন হারা এই শিশুটি হাসাপাতালে। ছবি: সোয়েল রানা, বগুড়া

ব্যান্ডেজে বাঁধা দুই পা লোহার দণ্ডের সঙ্গে ঝোলানো। ব্যথা প্রচণ্ড। সেই ব্যথার চেয়েও তীব্র ব্যথা স্বজনকে খুঁজে না পাওয়ার। একরত্তি মেয়েটি চার দিন ধরে খুঁজছে স্বজনকে। মাঝেমধ্যে ‘আম্মু আম্মু’ বলে কেঁদে উঠছে। কাউকে ডাকছে ভাইয়া বলে, কেউ আপু, কাউকে দেখে ওর মনে হয় নানু।
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া এই কন্যাশিশুটি চার দিন আগে ভর্তি করা হয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের (শিশু) ১৯ নম্বর ওয়ার্ডে চিকিত্সা চলছে তার। ওই দুর্ঘটনায় মারা গেছে শিশুটির মা। শিশুটি জানে না। হাসপাতালের নথিতে শিশুটির বয়স আড়াই বছর উল্লেখ করা হলেও ধারণা করা হচ্ছে আসলে তার বয়স হবে দেড় বছর।
এরই মধ্যে মা ভেবে আরজিনা বেগম (৩৫) এক নারীকে বারবার আঁকড়ে ধরছে।
পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের বগুড়ার কার্যালয় থেকে জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালি সেতুসংলগ্ন হাওয়াখানা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতে পথচারী অজ্ঞাত এক নারী এবং তাঁর কোলে থাকা কন্যাসন্তানটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মা-মেয়েকে উদ্ধারের পর ভর্তি করে দেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার চিকিত্সকেরা মাকে মৃত ঘোষণা করেন। আর শিশুটিকে চিকিত্সার জন্য পাঠানো হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুই দিনেও মায়ের পরিচয় না মেলায় রোববার রাতে লাশ হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে। তারা বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে গিয়ে দেখা গেছে, বিছানায় শুয়ে থাকা শিশুটির ব্যান্ডেজ করা দুই পা ওপরে টাঙানো রয়েছে। মাঝেমধ্যেই যন্ত্রণায় ছটফট করছে শিশুটি। অপরিচিত নারী দেখলে আম্মু আম্মু বলছে। শিশুটির বিছানায় বসে আছেন আরজিনা বেগম নামের এক নারী। তিনি মাঝেমধ্যে শিশুটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।

আরজিনা বেগম জানান, কয়েক দিন আগে তিনি স্ত্রীরোগের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত শনিবার হাসপাতালে আহত ওই শিশুটিকে নিয়ে আসে পুলিশ। তখন হাসপাতালের বিছানা খালি ছিল না। আরজিনা শিশুটির জন্য তাঁর বিছানা খালি করে দেন। ঘণ্টা খানেক পর শিশুটিকে বগুড়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য শিশুটিকে যখন নেওয়া হচ্ছিল, তখন শিশুটি আরজিনার গলা ধরে আম্মু আম্মু বলে কান্নাকাটি করতে শুরু করে। সে থেকে আরজিনা বেগম শিশুটির সঙ্গে আছেন।

আরজিনা বলেন, ‘চার দিনে শিশুটির পাশে থেকে মনে হয়েছে ও যেখানে বড় হয়েছে সেখানে ভাইবোন ও নানা নামের কেউ ছিল। কারণ, মাঝেমধ্যেই ছোট শিশুদের পেয়ে “ভাইয়া-আপু” ডাকছে। বৃদ্ধ কাউকে দেখলে “নানু” ডাকছে।’

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল আলমের তত্ত্বাবধানে আছে এখন শিশুটি। তিনি বলেন, ‘শিশুটির বাম ঊরুর গোটা হাড় ভেঙে গেছে। হাড় জোড়া দিতে দুই প্লাস্টার করতে হয়েছে। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ওর আপনজনদের কাছে তুলে দেওয়া প্রয়োজন।’

পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার ঈসরাইল হাওলাদার প্রথম আলোকে বলেন, মা-মেয়ের পরিচয় খুঁজে বের করতে স্বজনদের সন্ধান চেয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করার পাশাপাশি সব থানায় তারবার্তা পাঠানো হয়েছে। শিশুটির ছবিসহ বিভিন্ন গণমাধ্যমেও পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত না হতে পারায় মায়ের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের সন্ধান পাওয়া সম্ভব না হলে সুস্থ হওয়ার পর শিশুটিকে আদালতে নেওয়া হবে। আদালত যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই শিশুটির ভবিষ্যত্ নির্ধারিত হবে।