ফেনী সদর উপজেলার কাজিরবাগ গ্রামে দেলোয়ার হোসেন ওরফে বাবুল (৪৫) নামের এক ব্যবসায়ী গত মঙ্গলবার দুপুরে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন। আর পুলিশের দাবি, ওই ব্যবসায়ী অটোরিকশা চুরির মামলার আসামি। পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মারা যান তিনি।ওই ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ বাজার এলাকার বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।দোলোয়ার হোসেনের ভগ্নিপতি নুরুল হক হাজারী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ঈদের আগের দিন বাড়িতে পুলিশ দেখে দেলোয়ার পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন পুলিশ তাঁকে উপর্যুপরি লাথি মারে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি মারা যান।পুলিশ জানায়, মাস খানেক আগে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে চুরি যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেনকে আসামি করে মামলা হয়। তখন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। তিনি এলাকায় আছেন—জানতে পেরে গত মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁর বাড়িতে যায়। পুলিশ দেখেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিছুদূর যেতেই দেলোয়ার অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর তিনি মারা যান।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আসামি দেলোয়ার পুলিশ দেখে ভয়ে পালানোর সময় স্ট্রোক করে পড়ে যান। পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করে। পরে তিনি মারা যান।’