স্বজনদের দিয়ে বিদ্যালয় চালান ভারপ্রাপ্ত প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুলকে পারিবারিক প্রতিষ্ঠান বানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অন্যদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের চাকরি না দিয়ে নিজের আত্মীয়স্বজনদের চাকরি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।এ-সংক্রান্ত একটি অভিযোগ গত ১৫ অক্টোবর কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানপ্রধান আংশিক অনিয়মের কথা স্বীকার করেছেন।অভিযোগকারী স্থানীয় ইউপি সদস্য ওসমান আলী, ইব্রাহিম হোসেনসহ অন্যরা জানান, সুপারিনটেনডেন্ট বিভিন্ন অনিয়ম করার জন্য পরিবারের লোকজনদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করেছেন এবং নিজস্ব লোকজনদের নিয়োগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে স্থাপিত হয়। বর্তমানে ২৩০ জন শিক্ষার্থী রয়েছে এখানে। প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠার পর থেকে গত ২০১১ সাল পর্যন্ত ১৬ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এমপিওভুক্ত বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আবু আবদুল্লাহ মো. আসাদুল্লাহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করার জন্য পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের পরিচালনা পর্ষদের সদস্য করেছেন। তাঁরাই পরিচালনা করছেন প্রতিষ্ঠানটি। পরিচালনা পর্ষদের ১১ সদস্যের মধ্যে রয়েছেন তাঁর বোন রাজুফা খাতুন, মামা আবদুস সালাম ও চাচাতো ভাই ওয়াক্কাছ আলী। এ ছাড়া তিনি নিজেই কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সদস্যসচিবের পদ ধরে রেখেছেন। অপর পাঁচটি পদ দিয়েছেন তাঁর অনুসারী শিক্ষক ও লোকজনকে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মানুসারে সভাপতি করা হয়েছে ইউএনওকে।প্রতিষ্ঠানপ্রধান নিজের আত্মীয়স্বজনদের শুধু কমিটিতেই রাখেননি। যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাঁদের বাদ দিয়ে তিনি পরিবারের সদস্য ও স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত ১৬টি পদের মধ্যে ছয়টিতে তাঁর স্ত্রী, ভাইসহ পরিবারের লোকজন রয়েছেন। স্ত্রী মেহেরুন নেসাকে বিজ্ঞান ল্যাব অ্যাসিসট্যান্ট, ছোট ভাই আবদুস সামাদকে টেকনিক্যাল শপ অ্যাসিসট্যান্ট, মামাতো ভাই জিল্লুর রহমানকে ট্রেড ইনস্ট্রাক্টর, ছোট বোনের স্বামী হাসান হাফিজুর রহমানকে সহকারী শিক্ষক (ভাষা), ভাগনে আলতাফ হোসেনকে টেকনিক্যাল ল্যাব অ্যাসিসট্যান্ট এবং আরেক ভাগনে ইউসুফ আলীকে ইলেকট্রিক ল্যাব অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।চাকরিপ্রার্থী অভ্যাগতপাড়ার আকতার হোসেন, বাড়িগ্রামের এনামুল হক, বুজরুক কৌড়ের মাসুদ রানা ও কোন্দা গ্রামের সাবানা খাতুন অভিযোগ করেন, তাঁরা চাকরির জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় ভালো করলেও তাঁদের নির্বাচিত করা হয়নি। তাঁরা আরও অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। চাকরিপ্রার্থী আকতার হোসেন জানান, তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি। টাকাও এখন পর্যন্ত ফেরত পাননি তিনি।আবু আবদুল্লাহ মো. আসাদুল্লাহ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। পরিবার ও নিজের লোকজনদের কমিটিতে রেখে তাঁদের নিয়োগ দেওয়ার অভিযোগও স্বীকার করে তিনি বলেন, ‘এটা আগেই (প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর) করা হয়েছে।’ এটা ঠিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য না করে বলেন, ‘আমার সামনাসামনি আসেন, তাহলে সব বলা যাবে।’অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান জানান, তিনি দায়িত্ব পেয়ে ৭ নভেম্বর থেকে তদন্তকাজ শুরু করেন। ১৫ নভেম্বর আবারও তদন্ত করা হবে।