স্বজনদের দেখতে এসে দালালদের খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দীদের সঙ্গে দেখা করতে এসে স্বজনেরা প্রায়ই পড়ছেন দালালের খপ্পরে। গত সপ্তাহে চার দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে সরেজমিনে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে সরকারি টিকিট নিয়ে অনেকে কারাবন্দীদের সঙ্গে দেখা করছেন। তবে যাঁরা এ বিষয়টি জানেন না বা দ্রুত দেখা করতে চান, তাঁরা দালালের হাতে পড়ছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে সাড়ে সাত হাজার বন্দী আছেন। কারাগারের তত্ত্বাবধায়ক মো. নেছার আলম বলেন, গড়ে প্রতিদিন চার-পাঁচ শ মানুষ বন্দীদের সঙ্গে দেখা করতে আসেন। কারাগারের পাশেই কাউন্টারে লাইন ধরে বিনা মূল্যে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটে উল্লেখিত সময় অনুযায়ী আসামির সঙ্গে দেখা করা যায়।
এর মধ্যেই স্বজনেরা দালালদের হাতে পড়ছেন। দালালেরা কায়দা করে ২০০ থেকে হাজার টাকাও বাগিয়ে নেন। গত মঙ্গলবার দর্শনার্থীদের ঢোকার ফটকের সামনে এক কারারক্ষীর পেছনে হাতে কিছু টিকিট নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক লোক। এক ব্যক্তি এসে কারারক্ষীর কাছে জানতে চাইলেন কোথায় টিকিট কাটতে হয়। কারারক্ষী কিছু বলার আগেই টিকিট হাতে দাঁড়িয়ে থাকা ওই লোক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াইয়া টিকিট কাটবেন? ৩০০ টাকা দিলে অহনই দেখা করতে পারবেন।’ কারারক্ষী দেখিয়ে দিলেন কোথায় টিকিট কাটতে হয়। তিনি চলে গেলেন। তবে কিছুক্ষণ পরে অন্য আরেকজন এসে ওই ব্যক্তির কাছ থেকে ৩০০ টাকা দিয়ে টিকিট নিলেন।
গত বুধবার মো. শরীফ মাদক মামলায় আটক ভাইকে দেখতে এসেছেন। টিকিট কেটেছেন কি না—জানতে চাইলে বলেন, ‘২০০ ট্যাকা দিলে নগদ ডাইকা আইনা দিবে।’ লাইন ধরে টিকিট নিয়ে দেখা করতে অনেক সময় লাগে। তাই শরীফ দালালদের টাকা দিয়ে দ্রুত দেখা করেন। তিনি এর আগেও কয়েকবার এভাবেই ভাইয়ের সঙ্গে দেখা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, তাঁর স্বামী এক মাস ধরে কারাগারে আছেন। অনেকবার এসেছেন এবং কারারক্ষীকে টাকা দিয়েই দেখা করেছেন। তিনি বলেন, ‘সাত-আট শ টাকার নিচে দেখা করন যায় না।’ এবারও তিনি টাকা দিয়ে দেখা করবেন বলে অপেক্ষা করছেন।
বিস্ফোরক মামলায় আটক আসমার স্বামী তিন মাস ধরে কারাগারে। তিনি বলেন, অল্প কিছুদিন ধরে সরকারি টিকিটে দেখা করা যাচ্ছে। আগে টাকা দিয়েই দেখা করতে হতো। মানুষ অভিযোগ করায় মূল ফটকে টাকা দিয়ে দেখা করা বন্ধ করে দিয়েছে। মোসাম্মৎ মাফিয়াও একই কথা বললেন। তিনি বলেন, ‘আগে তো টাকা ছাড়া যাইতেই পারতাম না। যার তন যা পারত নিত। দুই রোজা থিকা হেইডা পাল্টাইছে।’ আসমা ও মাফিয়া দুজনেই বললেন, আগে শুধু বাইরেই না, ভেতর থেকে যাঁরা আসামিদের ডেকে এনে দিতেন, তাঁদেরও ২০০-৩০০ টাকা দেওয়া লাগত। এখন সেটা লাগে না।
বাদশা হাওলাদার ভাইকে নিয়ে এসেছেন ছেলেকে দেখতে, কিন্তু তিনি জানেন না কীভাবে কী করবেন। ছেলের জন্য অনেক খাবার নিয়ে এসেছেন। ঘোরাঘুরি করছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই বাদশা হাওলাদারের মতো মানুষেরাই পড়ছেন দালালদের খপ্পরে আর গুনছেন টাকা।
সালমা বেগম ভাইকে দেখতে এসেছেন। নামের ভুল হওয়ায় দেখা করতে পারেননি। এক ব্যক্তি বলেছেন দরখাস্ত করা লাগবে, তবে ২ হাজার টাকা দিতে হবে। তিনি ১ হাজার ২০০ টাকায় রাজি হয়েছেন।
গত রোববার নাম প্রকাশ না করার শর্তে এক দালাল বলেন, ‘আফা, এই টাকায় যে কত ভাগ হয়। যেই দুই পয়সাই পাই, থাকে না।’ তবে টাকার ভাগ কোথায় কত দিতে হয় এবং কীভাবে দেখা করিয়ে দেন, তা তিনি বলেননি। তবে জনা দশেক দালাল আছেন বলে তিনি জানান।
সরকারি টিকিটেও অনেকে আসামিদের সঙ্গে দেখা করছেন। হালিমা খাতুন ছেলেকে দেখে বের হলেন। তিনি বলেন, ‘অনেকক্ষণ কতা কওন যায়, কেউ কিছু কয় না।’ তাঁকে কোথাও কোনো টাকা দিতে হয়নি। আমেনা আক্তারও একই কথা বললেন। টিকিট কাটার স্থানে গিয়ে দেখা যায় দর্শনার্থীদের লম্বা লাইন। কয়েকজন বললেন, কেউ কোনো টাকা চায়নি। সরকারি টিকিটেই তাঁরা স্বজনের দেখা পাবেন বলে আশা করছেন।
দালালদের বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক মো. নেছার আলম মুঠোফোনে বলেন, ‘এখনই আমি লোক পাঠাচ্ছি। কোনো দালাল থাকবে না।’ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।