স্বজনদের মাধ্যমে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেও বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীদের মধ্যে চারজন তাঁদের স্বজনদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থী ও তাঁদের পক্ষের লোকজন গত দুদিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার।
দুপচাঁচিয়া সদর ইউপিতে বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেনের বাবা দলিলুর রহমান গত সোমবার মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, ‘আমার ছেলের কোনো অপরাধ নেই। বিএনপি করার কারণে প্রতিপক্ষের মিথ্যা মামলায় সে এখন কারাগারে।’
জিয়ানগর ইউপির বিএনপির প্রার্থী বাবুল হোসেনের স্ত্রী পারুল বিবি স্বামীর মনোনয়নপত্র জমা দিতে এসে বলেন, ‘আমার স্বামীকে নাশকতার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’ জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমানের পক্ষে তাঁর ছেলে ফজলে রাব্বি গত শুক্রবার এবং বিএনপির প্রার্থী এস এম হেলালের পক্ষে তাঁর বড় ভাই সারোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দেন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, বিএনপির প্রার্থীরা সংঘর্ষ এড়ানোর জন্য কৌশলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।