স্বজনদের শক্ত হতে বললেন নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পৌনে আটটায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে ঢোকেন। প্রথমে তিনটি মাইক্রোবাসে করে তাঁরা আসেন। আর দুজন পায়ে গেটে কারাগারের ফটকে আসেন। এঁরা নিজামীর ভাইয়ের মেয়ে। কারারক্ষীরা স্বজনদের নামের তালিকা দেখে মিলিয়ে এই দুজনকেও ভেতরে ঢুকতে দেন। 

নিজামীর এই দুই ভাতিজির নাম শানু আক্তার ও লুৎফা বেগম। সাড়ে নয়টায় অন্য স্বজনদের সঙ্গে এঁরাও কারাগার থেকে বের হন। বাকিরা মাইক্রোবাসে করে চলে গেলেও শানু ও লুৎফা হেঁটে বাড়ির পথ ধরেন। কারাগারের দক্ষিণ গেটে দুই ভাতিজির সঙ্গে প্রথম আলোর প্রতিনিধির কথা হয়। তাঁরা দুজনই প্রথমে কথা বলতে চাননি। পরে জানালেন, তাঁদের চাচা (নিজামী) ফাঁসি হওয়া নিয়ে মোটেই বিচলিত নন। বরং পরিবারের স্বজনদের শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বজনদের জন্য তিনি দোয়া করেছেন। তাঁর জন্যও দোয়া করতে বলেছেন। কারাগারে ঢুকে কি অবস্থায় নিজামীকে দেখলেন, জানতে চাইলে তাঁরা বলেন, চাচা নামাজ পড়ছিলেন। আমরা যাওয়ার পর নামাজ শেষ করে আমাদের সঙ্গে কথা বলেছেন। বাচ্চাদের আদর করেছেন।