স্বজনদের সঙ্গে নিবাসীদের কথা হবে ভিডিও কনফারেন্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিবাসীরা এখন থেকে স্বজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথোপকথন করতে পারবে। গতকাল শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
স্কাইপের মাধ্যমে কথা বলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করছেন। ইতিমধ্যে ডিজিটালের সফলতা পাওয়া যাচ্ছে। এ কারণে এখন থেকে সংশোধনী কেন্দ্র থেকে কিশোর-কিশোরীরা দূরদূরান্তে অবস্থানরত তাদের বাবা-মায়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছে ও ছবি দেখতে পারছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রমুখ।
বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘আদালতে উপস্থিত না হয়েও দেশের সংশোধনী কেন্দ্রে থেকেই কিশোর-কিশোরীরা যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে পারে, তার চিন্তাভাবনা চলছে। আমরা চেষ্টা করছি যাতে অদূর ভবিষ্যতে এ উদ্যোগ সফল হয়। এটা হলে সাক্ষীদেরও একই পদ্ধতিতে সাক্ষ্য নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এতে বিচার কার্যক্রম দ্রুত হবে।’
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, কেন্দ্রের শিশু, কিশোর ও কিশোরীদের পরিবারের মাতা-পিতা ও স্বজনদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে।