স্বজনদের সান্ত্বনা দিলেন মেয়র, বিচারের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খুন হওয়া স্কুলশিক্ষিকা শারমীন জাহানের স্বজনদের সান্ত্বনা দিতে গতকাল শনিবার তাঁর বাসায় যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের নেতারা। তাঁরা এই খুনের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।এদিকে শারমীনকে খুনের ঘটনায় গ্রেপ্তার আবুল হোসেনের ওপর গতকাল শনিবার হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র শওকত হোসেন হিরন, জেলা প্রশাসক এস এম আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম এবং মহানগর আওয়ামী লীগের নেতারা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শারমীনকে খুনের ঘটনাস্থলে যান। পরে কালুরপাড় গ্রামে শারমীনের কবর জিয়ারত করেন। দুপুরের দিকে তাঁরা শারমীনের ভাড়া নেওয়া বাসা প্রভাতি টাওয়ারে গিয়ে তাঁর স্বামী সোহেল তালুকদার, বাবা মো. শাহজাহান, বোন আইরিন জাহান, মা-শাশুড়িসহ অন্যান্য স্বজনের সঙ্গে দেখা করেন। এ সময় শারমীনের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।সোহেল তালুকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শারমীনকে খুনের পর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা যেভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন, এ দৌড়ঝাঁপ যদি সাধারণ ডায়েরি (জিডি) করার পর করতেন, তাহলে তাঁকে প্রাণ দিতে হতো না।’ তিনি আবুল ও তাঁর আশ্রয়-প্রশ্রয়দাতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানান।আইরিন জাহান অভিযোগ করেন, আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদারসহ তাঁর সহযোগীরা তাঁর বোনকে উত্ত্যক্ত করতেন। তিনি জানান, জসিম সরদার তাঁর বোনকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। তাঁরা পারিবারিকভাবে তা প্রত্যাখ্যান করেন। এর প্রতিশোধ নিতেই জসিম সরদার নিজে ও তাঁর সহযোগীরা তাঁদের উত্ত্যক্ত করেন। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের কাছে একাধিকবার বিচার দিয়েও বিচার পাননি।শারমীনের বাবা মো. শাহজাহান অভিযোগ করেন, জসিম সরদার এখন মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। যোগাযোগ করা হলে জসিম সরদার সব অভিযোগ অস্বীকার করেন।মেয়র শওকত হোসেন নিহত শারমীনের পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।মেয়র ও জেলা প্রশাসক শারমীনের বাড়ি থেকে চলে যাওয়ার পর কিছু তরুণ বিক্ষোভ করে মধ্য শিহিপাশা গ্রামের আবুলের বাড়িতে হামলা চালায়। তারা আবুলের বসতঘর ও ঘরে থাকা আসবাব ভাঙচুর করে।আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, শিক্ষিকা শারমীন হত্যার বিচারের দাবিতে সাত দিনের কর্মসূচির তৃতীয় দিনে গতকাল শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে পাঠদান থেকে বিরত থাকেন। আজ রোববার আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করবে।