স্বজনদের হত্যার দিন বাড়িতে পাঁচ পাকিস্তানি সেনাকে দেখেন নির্মল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ১৩ এপ্রিল মা, ভাইসহ পরিবারের পাঁচ সদস্যকে হত্যার দিনে নির্মল চন্দ্র শর্মা তাঁদের বাড়িতে পাঁচজন পাকিস্তানি সেনাকে দেখেছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী। গতকাল মঙ্গলবার জেরায় তিনি এ কথা বলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে নির্মলকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। গত সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার পর তাঁকে জেরা শুরু হয়। আজ বুধবার তাঁকে আরও দেড় ঘণ্টা জেরা করা হবে।সাক্ষী বর্তমান সরকারের আমলে এপিপি (অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর) হয়েছেন কি না—আহসানুলের এ প্রশ্নের জবাবে নির্মল বলেন, হ্যাঁ, এখনো তিনি এই পদে আছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর তাঁরা দুই ভাই চিৎকার করেননি, নিচুস্বরে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছেন। ওই দিন পাকিস্তানি সেনারা আবার তাঁদের বাড়িতে গিয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি জানেন না। পাকিস্তানি সেনাদের গুলিতে গুরুতর আহত সাক্ষীর বাবাকে চিকিৎসা করানো হয়েছিল কি না—এ প্রশ্নে তিনি বলেন, ওই সময় হিন্দুদের চলাচল ঝুঁকিপূর্ণ থাকায় তাঁকে চিকিৎসা করানো যায়নি।আহসানুল মত (সাজেশন) দেন, হত্যাকাণ্ডের আগে সাক্ষীর ভাগনে দুলালের হাটহাজারী থেকে তাঁদের বাড়িতে যাওয়া এবং ১৩ এপ্রিল নিহত হওয়ার বিষয়ে সাক্ষী অসত্য সাক্ষ্য দিয়েছেন। নির্মল বলেন, এটা সত্য নয়। আইনজীবী বলেন, ১৩ এপ্রিলের আগে সাক্ষী, তাঁর ভাই সুনীল ও ভাগনে দুলাল ভারতে চলে গিয়েছিলেন। সাক্ষী এ বক্তব্যও সত্য নয় বলে জানান।আইনজীবী জেরার এ পর্যায়ে তদন্ত কর্মকর্তাকে দেওয়া সাক্ষীর জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির অসংগতি পরীক্ষা করেন।পরে আহসানুল জানতে চান, পাকিস্তানি সেনাদের নির্দেশ অনুসারে সাক্ষী ও তাঁর পরিবারের সদস্যরা যখন সারি হয়ে দাঁড়ান, তখন কে কার পাশে ছিলেন। নির্মল বলেন, তিনি ছিলেন সারির সর্ব উত্তরে, তাঁর বাঁ পাশে ছিলেন কাকা জ্যোতিলাল শর্মা, তারপর ছিলেন তাঁর বাবা, এরপর মা দুলালকে জড়িয়ে ধরেছিলেন, তারপর সুনীল। আরেক কাকা ডা. মাখন লাল শর্মা পাশে ছিলেন এবং চিৎকার করছিলেন। আইনজীবী মত দেন, সাক্ষীর মা-বাবা-চাচা মুক্তিযুদ্ধের পর স্বাভাবিকভাবে মারা গেছেন। এ জন্য তিনি ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের মৃত্যু সনদ নেননি। এ সময় সাক্ষী বলেন, এটা সত্য নয়।মধ্যাহ্ন বিরতির পর জেরায় আহসানুল প্রশ্ন করেন, একাত্তরের ১৩ এপ্রিল সালাউদ্দিন কাদেরকে সাক্ষীদের বাড়ি যেতে দেখেছে, এমন কেউ আছেন কি না? জবাবে সাক্ষী বলেন, এমন কেউ নেই।