স্বজনদের হাতে প্রবাস ফেরত যুবক খুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকায় গতকাল সোমবার রাতে স্বজনদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাস ফেরত জয়নাল মোড়ল (২৬) খুন হয়েছেন।১৭ দিন আগে জয়নাল কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের রুমার (২০) সঙ্গে সংসারজীবন শুরু করেন। এলাকাবাসী জানায়, রোববার মাগরিবের নামাজ শেষে নিহত জয়নাল মোড়লের চাচা মোসলেহ উদ্দিন মোড়ল আগে নামাজ শুরু করা নিয়ে স্থানীয় মসজিদের ইমামকে মারধর করেন। এ নিয়ে এলাকার লোকজন দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে এ বিষয়ে কথা বলার জন্য জয়নাল তাঁর চাচার বাড়িতে যান। একপর্যায়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে চাচা ও চাচাতো ভাই আশরাফুলসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে জয়নালের মাথা, বুক ও পেটে আঘাত করে। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ থানার ওসি আবদুল আওয়াল গতকাল রাতে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।